সামিয়ার পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর সমবেদনা

রাজধানীর শাহজাহানপুরে শান্তিবাগে সামিয়াদের বাসায় গিয়ে তাঁর পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর সমবেদনা প্রকাশ করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: সংগৃহীত

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহজাহানপুরে যানজটে বসে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া কলেজছাত্রী সামিয়া আফরিন জামালের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ বুধবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়াকে সঙ্গে নিয়ে রাজধানীর শাহজাহানপুরে শান্তিবাগে সামিয়াদের বাসায় যান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তাঁরা সামিয়ার বাবা জামাল উদ্দিন, মা হোসনে আরা ও এসএসসি পরীক্ষার্থী ছোট ভাই সোহায়েব সামির সঙ্গে কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় যানজটে থেমে থাকা যানবাহনের একটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপুকে হত্যা করা হয়। এই গুলি লাগে সড়কে যানজটে আটকা পড়ে রিকশায় বসে থাকা সামিয়ার গায়েও। গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনিও। এ ঘটনায় টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে মামলা করেছেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘এই মৃত্যু এত দুঃখজনক ও বেদনাদায়ক, যে মেনে নেওয়া যায় না। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং আমরা তাদের পাশে আছি, সেটা জানানোর জন্যই আমাদের পাঠিয়েছেন।’

সামিয়া আফরিন

পরে হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে তাঁর (সামিয়া) পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি, যেকোনো প্রয়োজনে আমাদের দল, আমাদের সরকার তাদের পাশে থাকবে।’

কথা বলার একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে সামিয়ার ছোট ভাই

ইতিমধ্যে মূল আসামি গ্রেপ্তার হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘একই ঘটনায় আমাদের দলের একজন নেতা মৃত্যুবরণ করেছেন। নিহত ছাত্রী সামিয়ার পরিবার মামলা না করলেও জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী মামলা করেছেন। সেই মামলার এজাহারে প্রীতির হত্যাকাণ্ডের কথা উল্লেখ আছে। আইনানুযায়ী একই ঘটনায় দুটি মামলার প্রয়োজন নেই। মূল আসামি গ্রেপ্তার হয়েছে, যারা তার সঙ্গে ছিল তারাও পুলিশের জালের মধ্যে আছে। আমরা আশা করি তারাও খুব দ্রুত গ্রেপ্তার হবে। যথোপযুক্ত বিচার করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর।’

এখান থেকে ফিরে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেন হাছান মাহমুদ।

সরকারের কাছে সামিয়ার পরিবার কোনো সাহায্যের আবেদন করেছে কি না, এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা সরকারের কাছে এখনো আবেদন করেনি, আমরা এ বিষয়টি দেখার জন্য আমাদের কাউন্সিলরকে দায়িত্ব দিয়েছি এবং সরকারের পক্ষ থেকে যথাসম্ভব করা হবে।’