
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে দেলোয়ার হোসেন সাঈদী ওরফে সাঈদী হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে আটক করা হয়।
সাঈদী হোসেন আগে সবুজবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। চাঁদাবাজি, মাদক সম্পৃক্ততা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ২০১৯ সালে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ২০২১ সালে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে আসে। এই চিঠিতে সাঈদী হোসেনকে মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতির পদ দেওয়ার কথা জানানো হয়। তখন থেকেই সাঈদী হোসেন এই পরিচয়ে তাঁর কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
এ ব্যাপারে র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় বলা হয়, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহারকারী চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার হোসেন সাঈদীকে অস্ত্র-গুলি-মাদকসহ আটক করেছে র্যাব-৩।’
একই অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়েরকে আটকের তথ্য শোনা গেলেও তার সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।