ইতালির নাগরিক হত্যার নেপথ্যের বড় ভাই বিএনপির নেতা এম এ কাইয়ুম—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যকে ‘আজগুবি’ বলে অভিহিত করেছে বিএনপি। দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, নিরপেক্ষ তদন্ত হলে এ ঘটনায় বিএনপির কোনো নেতা-কর্মীর সংশ্লিষ্টতা পাওয়ার কোনো কারণ নেই।
আসাদুজ্জামান বলেন, ‘বিএনপির কোনো কোনো নেতার নাম জড়িয়ে সরকারের তরফ থেকে যেসব আজগুবি, কাল্পনিক ও অসত্য অভিযোগ করা হচ্ছে, তাতে সত্যের লেশমাত্র নেই। আমরা সরকারের এ ধরনের দৃষ্টিভঙ্গি ও বক্তব্যের তীব্র নিন্দা করি।’
আলাদা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক জাতীয়তাবাদী দল, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল। এ দল হত্যার রাজনীতি করে না। গতকাল আসরের নামাজের পর কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষক দল ওই দোয়ার আয়োজন করে।