নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে যৌথভাবে ১৪ দল মাঠে নামার বিষয়ে কাজ করার চেষ্টা করছে বলে জানিয়েছেন জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
গতকাল রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। এর আগে তিনি ১৪ দলের নেতাদের নিয়ে বৈঠক করেন।
মোহাম্মদ নাসিম বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ১৪ দলের মধ্যে জাসদ (ইনু) মেয়র পদে প্রার্থী দিয়েছে। এই প্রার্থী প্রত্যাহার করে সবাই একসঙ্গে কাজ করা যায় কীভাবে, তা খুঁজে বের করার জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ ও আবদুর রাজ্জাককে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে গতকাল বিকেলেই জাসদের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে আইভীকে সমর্থন দেন। নির্বাচন কমিশন গঠন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাবের বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালে নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে হবে। নির্বাচন বাস্তবায়নের দায়িত্ব নির্বাচন কমিশনের। এই নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। সর্বশেষ কমিশন যেভাবে গঠিত হয়েছিল, এবারও সেভাবেই হবে। রাষ্ট্রপতি সব নিবন্ধিত দলকে ডেকে কথা বলবেন। বিষয়টি মীমাংসিত, এতে আর আলোচনার সুযোগ নেই।
১৪ দলের বৈঠকে উপস্থিত সূত্র জানায়, বৈঠকের শুরুতে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, গাইবান্ধায় সাঁওতালদের ওপর সহিংসতায় স্থানীয় সরকারদলীয় সাংসদ আবুল কালাম আজাদ জড়িত নন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাকিল আহমেদের ইন্ধন থাকতে পারেন।