'মুখে আন্দোলনের কথা বাদ দেন, রাজপথে আসুন'

নজরুল ইসলাম খান। প্রথম আলো ফাইল ছবি
নজরুল ইসলাম খান। প্রথম আলো ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আপনারা মুখে আন্দোলনের কথা বলছেন, কিন্তু রাজপথে তো নেই। মুখে আন্দোলনের কথা বাদ দেন, আপনারা রাজপথে আসুন।

আজ শুক্রবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় নজরুল ইসলাম খান দলের নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ কারাবন্দী নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ সভার আয়োজন করে ‘জিয়া আদর্শ একাডেমি’ নামের একটি সংগঠন।

নজরুল ইসলাম খান বলেন, গণ-অনশন হয়, মানববন্ধন হয়, তখন লোক হয় না। যদি মানববন্ধনে ৫০ হাজার লোক হয়, তাহলে বড় কর্মসূচি দেওয়ার সাহস করা যায়। যদি এক লাখ লোক হয়, তাহলে আরও বড় কর্মসূচি দেওয়ার চিন্তা করা যায়। তিনি বলেন, ‘আমরা তো তারেক রহমানের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিই। কিন্তু আপনাদের উপস্থিতি তো থাকে না। তখন তো সাহস পাই না।’

নেতা-কর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যেকোনো আন্দোলনের প্রতি আমারও আগ্রহ আছে। আপনারা মুখে যেমন বলেন, কাজে দয়া করে তেমন দেখান। দেখবেন অনেক বড় আন্দোলন গড়ে তোলার ব্যবস্থা হবে। সেটা না করা পর্যন্ত আন্দোলন-সংগ্রাম জোরদার হবে না।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে নজরুল ইসলাম বলেন, ‘দেশনেত্রীকে মুক্ত করতে হবে। তিনি অসুস্থ। তাঁকে যদি মুক্ত আলো-বাতাসে আনা না যায়, যদি তাঁর সঠিক চিকিৎসা করা না যায়, তাঁকে আমরা হারাব। আর তাঁকে হারালে আপনার-আমার কার কত দাম, সেটা জানা আছে।’

নেতা-কর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম আরও বলেন, বিশ্বের কোনো স্বৈরাচারী সরকার জনগণের আন্দোলনের মধ্যে টিকে থাকতে পারেনি। ফিলিপাইনের মার্কোসের দমননীতির বিরুদ্ধে জনগণ যখন রাজপথে ট্যাংকের সামনে শুয়ে পড়েছিল, তখন মার্কোসের পতন হয়েছিল। ওই পরিমাণ সাহস আছে? মুখে আছে, যেদিন কাজে দেখাতে পারবেন, সেদিন শুধু এই সরকারের পতন হবে।

আয়োজক সংগঠনের সভাপতি আজম খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আক্তারুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।