আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার জন্য শেখ হাসিনার অব্যাহত চেষ্টা রয়েছে। তিনি দেশটিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা আপনারা উপলব্ধি করতে পারছেন। শেখ হাসিনার সরকার বারবার দরকার। আর এ জন্য দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
আজ বুধবার চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।
সৈয়দ আশরাফ আরও বলেন, কোনো অত্যাচার নির্যাতনই আওয়ামী লীগকে সরাতে পারেনি। আর কখনো সরাতে পারবে না।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এ সম্মেলনে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও দীপু মনি বক্তব্য দেন।
সম্মেলনে চাঁদপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ভূঁইয়াকে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারীকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।