জিয়ার আমলেই দেশ ছিল কারাগার: তথ্যমন্ত্রী

আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বিএসআরএফের নেতারা মতবিনিময় করেন
ছবি: বাসস

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমানই কারফিউ দিয়ে দেশকে কারাগার বানিয়ে রেখেছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের বক্তব্যের জবাবে আজ মঙ্গলবার তথ্যমন্ত্রী এ কথা বলেন।

গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত প্রতিবাদ সভায় মঈন খান বলেছিলেন, ক্ষমতায় থাকার নেশা পেয়ে বসলে সরকার এমন একটি পর্যায়ে উপনীত হয় যে দেশের মানুষের কথা ভুলে যায়। ক্ষমতায় থাকার জন্য তারা খুন, গুম ও অত্যাচার শুরু করে। তাঁর দাবি, বাংলাদেশ এখন সে পরিস্থিতিতে আছে। পুরো বাংলাদেশই এখন কারাগারে পরিণত হয়েছে।

আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতারা হাছান মাহমুদকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান। এরপর মতবিনিময়কালে সাংবাদিকেরা মঈন খানের সাম্প্রতিক এক মন্তব্যের বিষয়ে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘ড. মঈন খান হয়তো ভুলে গেছেন, তাঁর বাবা তখন জিয়াউর রহমানের মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রী ছিলেন। তখন পুরো দেশে কারফিউ দিয়ে রাখা হতো।

রাত ১০টার পর থেকে ঢাকা, চট্টগ্রাম শহরসহ বড় বড় শহরে কারফিউ থাকত। পুরো শহর ছিল কারাগার। কারফিউ মানেই তো কারাগার। কেউ ঘর থেকে বের হতে পারবে না। আজকে কি সেই পরিস্থিতি আছে! মঈন খান জ্যেষ্ঠ রাজনীতিবিদ, তাঁর প্রতি সম্মান রেখে বলতে চাই, তাঁর বাবার আমলটা যদি একটু মনে করেন, তাহলে বুঝতে পারবেন। আসলে তিনি তাঁর বাবার আমলের কথা বলেছেন, অর্থাৎ জিয়ার আমলের কথা, যখন পুরো দেশটাকে কারাগার বানিয়ে দেওয়া হয়েছিল।’

‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই বাংলাদেশে গুম, খুন শুরু করেছিল’ উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমাদের দলের হাজার হাজার নেতা–কর্মীকে গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল। যাদের ১৯৭৭ সালে জিয়াউর রহমান সংক্ষিপ্ত বিচার এবং বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল, তাদের পরিবারগুলোর “মায়ের কান্না” সংগঠনের সদস্যরা রাস্তাঘাটে কেঁদে বেড়াচ্ছে।

আর মঈন খান সাহেবের নেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে তাদের কর্মীরা ২০১৩-১৪-১৫ সালে যাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল, তাদের সংগঠন হচ্ছে “অগ্নিসন্ত্রাসের আর্তনাদ”। তাদের আর্তনাদও আজকে বাতাসে ভেসে বেড়াচ্ছে।’

হাছান মাহমুদ বলেন, ‘আমি মঈন খান সাহেবসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের আয়নায় নিজেদের চেহারাটা ভালোভাবে দেখার জন্য এবং তাঁরা যখন ক্ষমতায় ছিলেন, তখনকার পরিস্থিতি একটু মনে করার জন্য সবিনয়ে অনুরোধ জানাই। এই দেশে অপরাজনীতি, গুম, খুন এগুলো বিএনপি করেছে এবং জিয়াউর রহমান এই পুরো দেশটাকে কারাগার বানিয়েছিল। বেগম খালেদা জিয়াও বানানোর চেষ্টা করেছে।

নিশ্চয়ই মনে আছে, অবরোধের নামে তারা এক শ দিন মানুষকে অবরুদ্ধ করে রেখেছিল, সেটাও তো দেশকে কারাগার বানানো। সুতরাং এই অপরাজনীতি তারাই করে।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলার বিষয়ে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘আমি কাগজে দেখেছি যে নকশাবহির্ভূতভাবে সারিনা হোটেল ১৫ তলার অনুমোদন নিয়ে ২১ কি ২২ তলা করা হয়েছে। ১৫ তলার অনুমোদন নিয়ে ২২ তলা করলে সেটা তো গর্হিত কাজ, আইনবহির্ভূত কাজ। সেটিই দুদক খুঁজে বের করেছে এবং মামলা করেছে। যারা আইনপ্রণেতা হতে চায়, তাদের তো আইনবহির্ভূত কাজ করা উচিত নয়। এ ধরনের কাজ উনাদের আরও অনেকে করেছে। সেগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে।’

মেট্রোরেলের ভাড়া নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাছান বলেন, ‘মেট্রোরেল চালু হচ্ছে, এটিই খুশির বিষয়। আমাদের দেশে কেউ ভাবেনি যে এভাবে মেট্রোরেল হবে।

প্রধানমন্ত্রী মেট্রোরেল উদ্বোধন করছেন। ধীরে ধীরে এই মেট্রোরেল আরও সম্প্রসারিত হবে। আজকে সমগ্র দেশের মানুষ উন্মুখ হয়ে বসে আছে যে মেট্রোরেল চালু হবে এবং মানুষ চড়বে। মেট্রোরেলের মাসিক ভাড়া কিন্তু অনেক কম। এমনি টিকিট করলে এক ধরনের ভাড়া। আবার ত্রৈমাসিক বা সাপ্তাহিক ভাড়া অনেক কম। আমি ঠিক করেছি, আমার নির্বাচনী এলাকার উৎসাহী গ্রামের মানুষদের মেট্রোরেলে চড়াব।’