গণমিছিলে পুলিশের নির্যাতনে বিএনপি নেতা নিহতের প্রতিবাদ গণতন্ত্র মঞ্চের

বিএনপিসহ রাজনৈতিক জোট ও দলের সঙ্গে যুগপৎ আন্দোলন সমন্বয়ের জন্য গণতন্ত্র মঞ্চের সাত সদস্যের লিয়াজোঁ কমিটি ঘোষণা করা হয়েছে
ফাইল ছবি

পঞ্চগড়ে বিএনপির শান্তিপূর্ণ গণমিছিলে পুলিশের নির্যাতনে একজন নিহত ও অর্ধশতাধিক আহতের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। গতকাল সোমবার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ নিন্দা জানানো হয়।

গণতন্ত্র মঞ্চের পক্ষে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, সভায় পঞ্চগড়ে বিএনপির শান্তিপূর্ণ গণমিছিলে পুলিশের নির্যাতনে একজন নিহত ও অর্ধশতাধিক আহতের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

তাঁরা বলেন, সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বিরোধী মত তথা জনগণের কণ্ঠ রোধ করার জন্য নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করছে। চলমান আন্দোলনে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে বিএনপি এবং গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলোর কয়েক হাজার নেতা-কর্মীকে।

গত শনিবার দুপুরে পুলিশের সঙ্গে পূর্বঘোষিত গণমিছিলে অংশ নেওয়া বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আবদুর রশিদ আরেফিন (৫০) নামের বিএনপির এক নেতা নিহত হন। তিনি বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে বিএনপি জানিয়েছে।

এদিকে, সরকারের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে লিফলেট বিতরণের কারণে প্রকৌশলী ম ইনামুল হককে লাঞ্ছিত করারও নিন্দা জানান মঞ্চের নেতারা। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তাঁরা বলেন, জনগণ ফুঁসে উঠেছে, স্বৈরাচার সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে। হামলা, মামলা, গ্রেপ্তার ও হত্যার ভয় দেখিয়ে লাভ নেই। জনগণের শক্তির সামনে কোনো স্বৈরাচারই টিকতে পারেনি।

সভায় সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী বিএনপিসহ রাজনৈতিক জোট ও দলের সঙ্গে যুগপৎ আন্দোলন সমন্বয়ের জন্য গণতন্ত্র মঞ্চের সাত সদস্যের লিয়াজোঁ কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন— জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম ও গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক।