প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহাখালী, ঢাকা; ১৫ আগস্ট ২০২৬
প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহাখালী, ঢাকা; ১৫ আগস্ট ২০২৬

গ্যাস–বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রী

সরকারের চেয়ে ভালো পরিকল্পনা থাকলে দিন, গ্রহণ করা হবে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের বিদ্যুৎ ও গ্যাস–সংকট সমাধানে অন্য রাজনৈতিক দল সরকারের চেয়ে ভালো পরিকল্পনা দিলে তাদের পরিকল্পনা গ্রহণ করা হবে এবং বাস্তবায়নও করা হবে। কিন্তু কেবল জনগণকে বিভ্রান্ত করতে অপপ্রচার ছড়ালে জনগণের কাছেই তাদের ক্ষমা চাইতে হবে।

প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। আজ শনিবার রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

গ্যাস–বিদ্যুতের সংকট নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন প্রসঙ্গে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণকে বিভ্রান্ত করা একজন রাজনীতিবিদের কাজ বা দায়িত্ব নয়; বরং জনগণকে ধৈর্য শেখানো এবং সঠিক পথ দেখানো তাঁর দায়িত্ব।

দেশে বিশৃঙ্খলার রাজনীতির দিন শেষ মন্তব্য করে তারেক রহমান বলেন, মিথ্যাচার ও বিশৃঙ্খলার রাজনীতি স্বৈরাচার সরকার করে গেছে। কিন্তু বর্তমান রাজনীতিবিদরা জনগণের কাছে উন্নয়নের প্রতিজ্ঞা করেছেন। তাই হঠকারিতা ও বিভ্রান্তির রাজনীতি বাদ দিয়ে জনমানুষের কল্যাণে পরিকল্পনা উপস্থাপন করুন। তিনি আরও বলেন, রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই। জনগণ আর সেই রাজনীতি সমর্থনও করেন না।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ঢাকা-১৭ আসনে আমাদের প্রতিনিধিরা জনগণের সেবায় কাজ করছেন। পাশের লেকটি পরিষ্কার করতে ছয় মাস সময় লাগে। এসব সহজ কাজ নয়; কিন্তু সমালোচনা করা সহজ। তাই যাঁরা সমালোচনায় ব্যস্ত আছেন, তাঁরা এখনই মাঠে নামুন। মানুষ এবং দেশের জন্য কাজ করুন; সঠিক কথা বলুন। দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এমন কথা থেকে বিরত থাকুন।

এ সময় বিএনপির চেয়ারম্যান বলেন, ‘স্বৈরাচারের সঙ্গে যুদ্ধ করে বিএনপির নেতা-কর্মীরা রাজপথে টিকে আছেন। যাঁরা আজ বড় গলায় কথা বলছেন এবং মিথ্যাচার করছেন, গত ১৭ বছর মানুষ তাঁদের রাজপথে দেখতে পায়নি। দেশের বড় পত্রিকাগুলোর পাতায় চোখ বুলালেই দেখা যাবে, কীভাবে আমাদের নেতা-কর্মীদের ওপর নির্যাতন, গুম, হত্যাসহ পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল।’

তারেক রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দলের নেতারা ’৭১ সালে ভুল করেছেন, ’৮৬ সালে ভুল করেছেন, ’৯৬ সালে ভুল করেছেন আবার ২০২৬ সালেও মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাঁদের বলব, এসব উসকানির রাজনীতি থেকে বেরিয়ে আসুন। মানুষের উপকারের পরিকল্পনা থাকলে সংসদে উপস্থাপন করুন। জনগণের সামনে তুলে ধরুন। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করব।’

এ ছাড়া প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে চায়। তারা দেখতে চায় প্রিয় মাতৃভূমিকে পৃথিবীর বুকে ধীরে ধীরে এগিয়ে যেতে। তিনি বলেন, কিন্তু সামনে এগিয়ে যেতে এবং মানুষের ভাগ্য পরিবর্তন করতে দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে। শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আবদুর রহমান সানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।