
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কিছু বক্তব্যের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ ধরনের বক্তব্যে জাতি স্তম্ভিত।
শনিবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন, অবরোধ, অগ্নিসন্ত্রাস যারা করবে, তারা কেউ যেন পার না পায়। যদি কেউ ধরা পড়ে তাকে ধরে ওই আগুনে ফেলতে হবে।’ এ ধরনের বক্তব্যকে রিজভী ভয়ানক অগ্নিকুণ্ডলীতে বিএনপির নেতা-কর্মীদের নিক্ষেপের হুমকি…ভয়ংকর সর্বনাশা হুমকি, বিপজ্জনক হুমকি বলে মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার জন্য সংঘাতময় পরিস্থিতি উসকে দিচ্ছে।
ঢাকায় যুবদল নেতা মামুন হাসানকে গ্রেপ্তারের দুই দিন পর বরিশালে ককটেল বিস্ফোরণের এক মামলায় আসামি করার ঘটনা তুলে ধরে রিজভী বলেন, যারা কারাগারে থাকা বন্দী নেতাদের নামে বোমা ছুড়ে মারার মিথ্যা মামলা দিতে পারে, তারা শান্তিপূর্ণ অবরোধকারী নিরীহ নেতা-কর্মীদের অগ্নি–সন্ত্রাসী বানিয়ে পুড়িয়ে মেরে ফেলতে পারে। এটা অসম্ভব কিছু না, তাদের দ্বারাই এটা সম্ভব।
রিজভী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ২৮ অক্টোবরের ফুটেজ যেগুলো প্রকাশ পেয়েছে, তার প্রতিটিতে দেখা যায় পুলিশের পাশে লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের লোকেরা আছেন। বিএনপির ডাকা হরতাল-অবরোধ পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ একযোগে মোকাবিলা করছে।
রিজভী অভিযোগ করেন, দেশকে ‘বিএনপি শূন্য’ করতে সারা দেশে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি বলেন, জাতীয় নেতাদের থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত গ্রেপ্তারের যে হিড়িক চলছে, সেটা ভাষায় বলা যাবে না। তার সঙ্গে আক্রমণে নিহত হওয়ার ঘটনাও থামছে না।
গত ২৪ ঘণ্টায় ১৭৬ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন মামলায় ৫৭৫ জনের বেশি নেতা-কর্মীকে আসামি করা হয়েছে বলে জানান এই নেতা।
রিজভী বলেন, বিএনপিকে বলপ্রয়োগে উৎখাতের পরিকল্পনা নিয়েছে সরকার। বাংলাদেশে এখন একাত্তরের ভয়াল পরিস্থিতি বিরাজ করছে। একাত্তরে হানাদার বাহিনীর হিংস্রতা ও দুঃশাসন নকল করছে আওয়ামী সরকার। তাদের ‘শান্তি কমিটির’ মতো এখন আওয়ামী লীগ ‘শান্তি সমাবেশ’ করছে।