নির্বাচনী গণসংযোগে ব্যস্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ ফজলে বারী মাসউদ। গতকাল বেরাইদে
নির্বাচনী গণসংযোগে ব্যস্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ ফজলে বারী মাসউদ। গতকাল বেরাইদে

ইসলামী আন্দোলনের প্রার্থী

ঢাকা–১১ আসনে মাসউদের ১১ বিশেষ ইশতেহার

ঢাকার রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১১ সংসদীয় আসনের জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগ জমে উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এই আসনের প্রার্থী ও তাঁদের নেতা–কর্মীরা। প্রার্থীরা শুনছেন ভোটারদের নানা সমস্যা আর সংকটের কথা, সুযোগ পেলে সমাধানে কাজ করার আশ্বাসও দিচ্ছেন তাঁরা।

এ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ ফজলে বারী মাসউদ। পাশাপাশি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম এ কাইয়ুম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও এ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজধানীর এই আসন থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯ জন প্রার্থী।

গতকাল সোমবার দিনভর পর প্রচার চালিয়েছেন শেখ ফজলে বারী মাসউদ। সকালে রাজধানীর রামপুরার বনশ্রী এবং বিকেলে বেরাইদ, সাঁতারকুল এলাকায় গণসংযোগ করেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা–কর্মীদের নিয়ে ‘হাতপাখা’ প্রতীকে ভোট চাচ্ছেন এই প্রার্থী। ভোটারদের সঙ্গে গণসংযোগকালে তাঁদের হাতে তুলে দিচ্ছেন হাতপাখা প্রতীকের লিফলেটও।

জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে এই প্রার্থী বলেন, ‘আমি অবশ্যই আশাবাদী। খুবই আশাবাদী। আমি এলাকায় মানুষের পাশে সুখে–দুঃখে দীর্ঘদিন ধরে কাজ করছি।’ চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের মূলোৎপাটন করতে চান উল্লেখ করে শেখ ফজলে বারী মাসউদ বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বাজার নিয়ন্ত্রণ, নারীদের নিরাপত্তা নিশ্চিতসহ নানা প্রতিশ্রুতি রয়েছে এই প্রার্থীর ইশতেহারে।