৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী

সংবিধানের নিয়ম মেনে নির্বাচন হবে: যুবলীগ

ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন যুবলীগের সাবেক নেতারা
ছবি: শুভ্র কান্তি দাশ

নির্বাচনে আসার জন্য কাউকে দাওয়াত করা হবে না। সংবিধানের নিয়ম মেনে নির্বাচন হবে। দেশে এখন অসাংবিধানিক সরকার গঠন করার অপচেষ্টা চলছে। এ অবস্থায় শেখ হাসিনার আন্দোলন-সংগ্রাম ও পদক্ষেপে যুবলীগকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর রমনা এলাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) সামনের সড়কে আয়োজিত এক সমাবেশে যুবলীগের সাবেক নেতারা এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উন্নয়ন শোভাযাত্রার আয়োজন করে সংগঠনটি। ওই শোভাযাত্রার আগে ট্রাকের ওপর সমাবেশ মঞ্চ বানানো হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, স্বাধীনতার পরে অত্যন্ত ভয়াবহ অবস্থায় একটি শ্মশানের ওপরে দাঁড়িয়ে বঙ্গবন্ধু সরকার গঠন করেছিলেন। অন্যদিকে স্বাধীনতাবিরোধী চক্র বিভিন্নভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত হানার অপচেষ্টা করছিল। তখন বঙ্গবন্ধুর ঘোষিত সোনার বাংলা বাস্তবায়নে আওয়ামী যুবলীগ নামের এই যুব সংগঠন গঠন করেছিলেন শেখ ফজলুল হক মনি।

যুবলীগের সাবেক এই নেতা আরও বলেন, আজ এমন সময়ে যুব সমাবেশ হচ্ছে, যে মুহূর্তে দেশের সংবিধানকে অকার্যকর করে, গণতান্ত্রিক ধারাকে নস্যাৎ করে, একটি শূন্য অবস্থা সৃষ্টি করে অসাংবিধানিক সরকার গঠন করার অপচেষ্টা চলছে। এসবের বিরুদ্ধে শেখ হাসিনার আন্দোলন-সংগ্রাম ও পদক্ষেপে যুবলীগকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। এটাই আজকের শপথ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য শেখ ফজলুল করিম সেলিম যুবলীগের নেতা-কর্মীদের ত্যাগের রাজনীতি করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একটি দলের জন্য চারটি জিনিস দরকারের কথা বলতেন বঙ্গবন্ধু। এগুলো হচ্ছে নেতা, আদর্শ, কর্মী এবং সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ থাকা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যুবলীগ হবে দেশ গড়ার কারিগর।

শোভাযাত্রার আগে নেতা-কর্মীরা সড়কে আনন্দমিছিল করতে থাকেন। এতে বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়

নির্বাচন প্রসঙ্গে সেলিম বলেন, ‘বিএনপি যদি নির্বাচন না করে, তাহলে তাদের অবস্থা জঘন্য হবে। আমরা কাউকে নির্বাচনের জন্য দাওয়াত করব না। সংবিধানে যে নিয়ম আছে, সেই নিয়মেই নির্বাচন হবে।’

আওয়ামী লীগের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘যুবলীগের ভাই ও বন্ধুরা, লড়াইকে আরও শাণিত করতে হবে। আরও তীব্র করতে হবে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের পাহারাদার।’

যুবলীগের উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরে পর থেকে রমনা এলাকায় হাজার হাজার নেতা-কর্মী জড়ো হতে শুরু করেন। শোভাযাত্রার আগে নেতা-কর্মীরা সড়কে আনন্দমিছিল করতে থাকেন। এরপর সমাবেশ হয়। সমাবেশ সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান। সমাবেশ শেষে নেতা-কর্মীদের শপথবাক্য পাঠ করান যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

সমাবেশে আসা নেতা-কর্মীদের মিছিল, সঙ্গে আনা বাস, ট্রাক, পিকআপসহ অন্যান্য যানবাহন সড়কে রাখায় শাহবাগ, মৎস্য ভবনসহ আশপাশের এলাকার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।