‘তুমি একা নও,’ হাতের কবজি হারানো যুবদল নেতাকে আমীর খসরু

গত ১৩ জুলাই বিএনপির এক দফার প্রচারপত্র বিলির সময় সন্ত্রাসীরা লিটনকে কুপিয়ে তাঁর দুই হাতের কবজি বিচ্ছিন্ন ও দুই পা লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে দেয়। শনিবার বিকেলে তাঁকে হাসপাতালে দেখতে যান আমীর খসরু মাহমুদ চৌধুরী
ছবি: সংগৃহীত

যুবদল নেতা লিটন মণ্ডলকে সান্ত্বনা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তুমি একা নও। তোমার সঙ্গে বিএনপি, এ দেশের মানুষ ও বিশ্ববাসী রয়েছে। তুমি আমাদের সাহস।’ দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ঝিনাইদহের যুবদল নেতা লিটন মণ্ডলকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

গত ১৩ জুলাই বিএনপির এক দফার প্রচারপত্র বিলির সময় সন্ত্রাসীরা লিটনকে কুপিয়ে তাঁর দুই হাতের কবজি বিচ্ছিন্ন ও দুই পা লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে দেয়। লিটন ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য। শনিবার বিকেলে তাঁকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে দেখতে যান আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি লিটনের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর সঙ্গে কথা বলেন। লিটনের স্ত্রী ও তাঁর দুই সন্তানের সঙ্গেও কথা বলেন আমীর খসরু। এ সময় দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

পরে আমীর খসরু সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘দেশের অবস্থা কেমন, এই লিটন মণ্ডলের ওপর হামলার দৃশ্য দেখলে বোঝা যায়। দেশে আইনের শাসন নেই, বিচার নেই। এই অস্বস্তিকর পরিবেশে আমরা দিনাতিপাত করছি।’

রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা লিটন মণ্ডলকে কুপিয়ে তাঁর দুই হাতের কবজি বিচ্ছিন্ন ও দুই পা ভেঙে ফেলেছে। ঘটনার পরপর রাতেই ঢাকায় আনার পর চিকিৎসকেরা তাঁর কেটে ফেলা দুই হাত ও ভাঙা দুই পায়ে অস্ত্রোপচার করেন। এখন পর্যন্ত পাঁচবার অস্ত্রোপচার করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর চিকিৎসা কার্যক্রমের খোঁজখবর নিচ্ছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।