
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। গ্রহণযোগ্য নির্বাচন হলেই সমাজে জবাবদিহি নিশ্চিত হয়। জবাবদিহি নিশ্চিত হলেই রাষ্ট্রে প্রজাতন্ত্র সফল হয়। কারণ, প্রজাতন্ত্র হচ্ছে প্রজারাই রাষ্ট্রের মালিক।’
ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক মতবিনিময় সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন। আজ রোববার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ সভা হয়।
জি এম কাদের বলেন, ‘বৈষম্য দূর করতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনেই আমাদের মহান স্বাধীনতাসংগ্রাম অনুষ্ঠিত হয়েছে। তাই বৈষম্য হচ্ছে স্বাধীনতার চেতনাপরিপন্থী।
দেশে দিন দিন বৈষম্য বেড়ে যাচ্ছে। একদল মানুষ তিন বেলা খেতে পারছেন না। টাকার অভাবে সন্তানের চিকিৎসা করতে পারছেন না। আরেক দল হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। তারা দেশের টাকা বিদেশে পাচার করছে।’
জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব জাহাঙ্গীর আলম পাঠান সভা পরিচালনা করেন।
সভায় জে এম কাদের আরও বলেন, দেশের মানুষ নিষ্পেষিত হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের মধ্যে হাহাকার উঠেছে। ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে আমদানি পণ্যের দাম বেড়ে যাচ্ছে। আবার বৈদেশিক মুদ্রাসংকটের কারণে এলসি খুলে প্রয়োজনীয় পণ্য আমদানিতে বাধার সৃষ্টি হচ্ছে। তাই চাহিদার তুলনায় কম পণ্য আমদানি হচ্ছে দেশে। এ কারণেই বাজারে প্রয়োজনীয় পণ্যসামগ্রী নেই।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘কথা বলার অধিকার মানুষের জন্মগত অধিকার। আমি গণমানুষের পক্ষে কথা বলব, এটা আমার শুধু অধিকারই নয়, কর্তব্যও। সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিলে সরকারের উপকার হয়। মানুষের সমালোচনার অধিকার নিশ্চিত হলে দেশ ও দেশের মানুষের মঙ্গল নিশ্চিত করা সম্ভব হয়।’
নেতা-কর্মীদের উদ্দেশে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘ভালো কাজের জন্য মূল্য দিতে হয়। তাই আমাদের প্রতিটি ভালো কাজের জন্যই মূল্য দিতে হবে।’ সে জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতেও নির্দেশ দেন জি এম কাদের।
এ সময় বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেছে, আওয়ামী লীগ ও বিএনপি সব সুযোগ-সুবিধা নিয়েও সংসদ বর্জন করেছে। দল দুটি সংসদ বর্জনের সংস্কৃতি সৃষ্টি করেছে। আবার রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। আওয়ামী লীগ ও বিএনপি গণমানুষের শান্তি নষ্ট করেছে। জাতীয় পার্টি সব সময় সাধারণ মানুষের শান্তির জন্য রাজনীতি করে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ঠাকুরগাঁও-৬–এর প্রার্থী হাফিজ উদ্দিনের মতো প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী নির্বাচিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান, মীর আবদুস সবুর, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।