জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছায়া বাজেট কমিটির প্রধান ও সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছায়া বাজেট কমিটির প্রধান ও সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ

প্রস্তাবিত বাজেট, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবতা–বিবর্জিত: আতিক মোজাহিদ

বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ‘অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছায়া বাজেট কমিটির প্রধান ও সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ। তিনি বলেছেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে। অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে ৯১ হাজার কোটি টাকা। এই বাজেটে ঘাটতি থাকছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শেষ হওয়ার পর সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচিত এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ বলেন, ‘এটি একটি অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বাজেট।’

এনসিপির এই সংসদ সদস্য বলেন, ‘সরকার প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ সাড়ে চার লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। কারণ, প্রস্তাবিত ৬ কোটি ৯৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব। আমার ধারণা, রাজস্ব আদায়ে ২ লাখ কোটি টাকার বেশি ঘাটতি থেকে যেতে পারে। সুতরাং প্রকৃত হিসাব বিবেচনায় এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে।’

এদিকে আগামীকাল শুক্রবার এনসিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বাজেটের খাতওয়ারি প্রতিক্রিয়া জানানো হবে বলে দলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।