সরকারের অনেক বুদ্ধি, কলাকৌশল জানে: মান্না

জাতীয় প্রেসক্লাবে জাগপার আলোচনা সভায় আলোচকেরা
ছবি: আশিকুজ্জামান

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সারা দেশে সরকার ভয়ের চাষ করেছে। গাছ বড় হয়েছে। এরা চোর-ডাকাতের সরকার।

‘জ্বালানি তেলের নজিরবিহীন মূল্যবৃদ্ধিতে বহুমাত্রিক প্রভাবে এবং বাংলাদেশের গন্তব্য কোন পথে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এ সভার আয়োজন করে। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ সভা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মান্না বলেন, আওয়ামী লীগকে দেখতে পারেন এমন মানুষ দেখি না। যাঁরা শুধু সুবিধা পান, তাঁরাই বলে আওয়ামী লীগ আছে। এখন টকশোতে আলোচনা শেষে হলে আওয়ামী লীগের বক্তারা বলেন, বলা লাগে তাই বলি।
মান্না বলেন, ‘সরকার চলে যাবে এই বিষয়ে মানুষ আশাবাদী আর নয়। সরকার তো আর এমনি এমনি যেতে চায় না। বাঘের পিঠে উঠেছে। তাদের নামা কঠিন। তাদের অনেক বুদ্ধি। কলাকৌশল জানে। ভোট দিলে মানসম্মান থাকবে না।’

মান্না বলেন, মন্ত্রীরা বলছে আমরা সংকটে আছি। আইনি পথে ব্যাংকের মাধ্যমে ৭০ হাজার কোটি টাকা আর বেআইনিভাবে দুই লাখ কোটি টাকা বিদেশে চালান হয়। সরকার কোনো পদক্ষেপ না নেয় না। সরকার সেই লোকগুলোরে ধরে না। আবার সংসদের দাঁড়িয়ে বলে অর্থ পাচারকারীদের তালিকা তাদের কাছে আছে। এখন যখন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলছে বাংলাদেশ সরকার তাদের কাছে সুইস ব্যাংকের তথ্য চাইনি। তখন তারা কি জবাব দেবে, এখন হাইকোর্টও জানতে চাচ্ছে সরকার কি আসলেই আবেদন করেছে কি না, যা জনগণও জানতে চায়।

মান্না বলেন, ‘আলোচনা হচ্ছে বাংলাদেশ কি শ্রীলঙ্কা হচ্ছে। এটা আমাদের কথা না। বলছে বিবিসি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সূত্র ধরে বিবিসি বলছে। আসলেই আমরাও ঝুঁকিতে।’

জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি তাসমিয়াপ্রধানের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।