
বর্তমান সরকার বাংলাদেশকে বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে অর্বাচীনে পরিণত করেছে। অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার সমর্থন জোগাড় করতে গিয়ে দেশের মর্যাদা ধুলায় বিসর্জন দিয়েছে। এভাবে দেশকে একঘরে অবস্থার দিকে নিয়ে যাচ্ছে সরকার—এই বক্তব্য দিয়েছেন কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকায় পদযাত্রার আগে সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। আজ শুক্রবার বিকেলে পুরানা পল্টন মোড়ে সিপিবির কার্যালয়ের সামনে দলের ঢাকা মহানগর দক্ষিণ কমিটি এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করা বাংলাদেশের এমন করুণ পরিণতির দায় বর্তমান সরকারের। এই সরকারের হাত থেকে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুদ্ধার করা জরুরি। মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের মানুষের অধিকার ও দেশের মর্যাদা সমুন্নত করা হবে।
সিপিবিসহ বিরোধী নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের মাধ্যমে সরকার আন্দোলন দমনের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন বক্তারা। তাঁরা বলেন, রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে সব জুলুম-নির্যাতন মোকাবিলা করে দাবি আদায় করতে হবে।
সিপিবি নেতারা আরও বলেন, সরকারের পক্ষ থেকে অতীতের মতোই একটি প্রহসনের নির্বাচনে সব রাজনৈতিক দলকে টেনে আনার প্রচেষ্টা চলছে। তাতে ব্যর্থ হলে ক্ষমতাসীন গোষ্ঠী যত বেশি সম্ভব রাজনৈতিক দল ও শক্তিকে নিয়ে নির্বাচন করতে চায়। এই প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি বিভিন্ন ভুঁইফোড় দল, সাম্প্রদায়িক গোষ্ঠী এমনকি জামায়াতকে নিয়েও রাষ্ট্রশক্তির নানা তৎপরতা চোখে পড়ছে। সমাবেশ থেকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে তীব্র রাজনৈতিক সংগ্রাম গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানানো হয়।
পদযাত্রার আগে সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি শামসুজ্জামান। সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলামের পরিচালনায় এ সময় বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আবদুল্লাহ ক্বাফী, ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেন, জেলা কমিটির সদস্য হযরত আলী, সূত্রাপুর থানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ সাহা প্রমুখ।
সমাবেশের পর পুরানা পল্টন মোড় থেকে পদযাত্রা শুরু করেন সিপিবির নেতা-কর্মীরা। সেখান থেকে গুলিস্তান হয়ে নবাবপুর গিয়ে পদযাত্রা কর্মসূচি শেষ করা হয়।
সমাবেশ থেকে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আগামী মাসে পদযাত্রার তিনটি কর্মসূচি ঘোষণা করে সিপিবি। এর মধ্যে রয়েছে আগামী ১ সেপ্টেম্বর খিলগাঁও রেলগেট থেকে তালতলা হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত, ৮ সেপ্টেম্বর রাজধানী সুপার মার্কেট থেকে নারিন্দা হয়ে ধোলাইখাল পর্যন্ত ও ২২ সেপ্টেম্বর লালবাগ সেকশন থেকে আজিমপুর হয়ে নিউমার্কেট পর্যন্ত পদযাত্রা কর্মসূচি।