
আন্দোলনরত পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে বিবেচনায় নিয়ে জানুয়ারির মধ্যেই নতুন মজুরি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। পাশাপাশি আন্দোলনের কারণে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার এ কথা বলেন। সরকার গঠিত মজুরি বোর্ডের প্রথম সভার দিনে এই সমাবেশের আয়োজন করে গার্মেন্ট শ্রমিক সংহতি। সমাবেশ থেকে শ্রমিক তৌফিক শেখ হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারও দাবি করা হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে তাসলিমা আখতার বলেন, শ্রমিকদের পক্ষ থেকে ৩০ হাজার থেকে ৩৫–৩৬ হাজার টাকা পর্যন্ত মজুরির যে দাবিগুলো উঠছে, প্রতিটি দাবি মজুরি বোর্ডকে বিবেচনা করতে হবে। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে বিবেচনা করে নতুন মজুরি ঘোষণা করে জানুয়ারির মধ্যেই নতুন মজুরি দিতে হবে।
বিভিন্ন এলাকায় শ্রমিকদের ওপর নির্যাতন হয়েছে উল্লেখ করে গার্মেন্ট শ্রমিক সংহতির এই নেতা বলেন, শুধু তা–ই নয়, বিভিন্ন জায়গায় সাধারণ শ্রমিকেরাও গ্রেপ্তার হয়েছেন। যেসব শ্রমিকনেতাকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মুক্তির দাবি জানান তিনি।
গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মিজানুর রহীম চৌধুরী সমাবেশ সঞ্চালনা করেন। সমাবেশে আরও বক্তব্য দেন বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভূঁইয়া, গণসংহতি আন্দোলনের ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় সম্পাদক জুলহাসনাইন বাবু, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত আরিফ প্রমুখ।