কাল ঢাকায় বিএনপির দুই পদযাত্রা, পরশু সব মহানগরে

গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে গত ২৮ জানুয়ারি বিএনপি নীরব পদযাত্রা কর্মসূচি পালন করেছিল। ছবিটি রাজধানীর বাড্ডা থেকে তোলা
ফাইল ছবি

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে আগামীকাল শুক্রবার ঢাকায় এবং শনিবার দেশব্যাপী ১১টি মহানগরে ‘পদযাত্রা’ করবে বিএনপি। ঢাকায় দুটি পদযাত্রা হবে। সব পদযাত্রায় দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন।

বিএনপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দলটি জানায়, আগামীকাল শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণের পদযাত্রায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং উত্তরের পদযাত্রায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি থাকবেন। বেলা আড়াইটায় রাজধানীর মতিঝিলের গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের সামনে থেকে দক্ষিণের পদযাত্রা শুরু হবে। এটি টিকাটুলী, গুলিস্তান হয়ে নয়াবাজার গিয়ে শেষ হবে। একই সময়ে মহানগর উত্তরের পদযাত্রা হবে উত্তরার জসীমউদ্‌দীন মোড় থেকে। এটি শেষ হবে উত্তরার আবদুল্লাহপুরে গিয়ে।

এ ছাড়া আগামী শনিবার ঢাকার বাইরে ‘মহানগর পদযাত্রা’ কর্মসূচিতে জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন। সব মহানগরে নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মহানগরের পদযাত্রায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নারায়ণগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায়, সিলেটে নজরুল ইসলাম খান, চট্টগ্রামে আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে সেলিমা রহমান ও রাজশাহীতে ইকবাল হাসান মাহমুদ প্রধান অতিথি থাকবেন। এ ছাড়া খুলনায় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা, কুমিল্লায় মো. শাহজাহান, গাজীপুরে এ জেড এম জাহিদ হোসেন ও ফরিদপুরে শামসুজ্জামান, রংপুরে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

এর বাইরে অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি শনিবার বেলা তিনটায় এফডিসি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে, মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম চারটায় মতিঝিলের নটর ডেম কলেজের বিপরীত দিক থেকে পদযাত্রা করবে। এ ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোটও শুক্রবার সকাল সাড়ে ১০টায় পুরানা পল্টন থেকে পদযাত্রা করবে বলে জানা গেছে।