রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন

ফেরদৌসী আহমেদের পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। ভোট গ্রহণের তারিখ ১২ নভেম্বর।

ফেরদৌসী আহমেদ ছিলেন বিএনপির মনোনয়নে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। আইন অনুযায়ী, শূন্য হওয়া আসনটিতে শুধু বিএনপিই প্রার্থী মনোনয়ন দিতে পারবে। যদি একাধিক প্রার্থী থাকে, সে ক্ষেত্রে ভোট দিতে পারবেন শুধু বিএনপি জোটের সংসদ সদস্যরা। অবশ্য সংরক্ষিত নারী আসনে সাধারণত একক প্রার্থী দেওয়া হয়। যে কারণে ভোটাভুটির প্রয়োজন হয় না।

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ।