এই সরকারেরও জবাব পাওয়ার সময় হয়েছে

কেরোসিন, ডিজেল, পেট্রল, অকটেন ও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিলে গণফোরামের নেতারা
ছবি: প্রথম আলো

জ্বালানি তেল ও সারের মূল্য অস্বাভাবিক বাড়িয়ে সরকার সাধারণ মানুষের নাভিশ্বাস উঠিয়ে ছাড়ছে। মানুষের পেটে লাথি মেরেছে। এমন লাথির জবাব আইয়ুব খান, ইয়াহিয়া খান ও এরশাদরা পেয়েছেন। এখন এই সরকারেরও লাথির জবাব পাওয়ার সময় হয়েছে।

কেরোসিন, ডিজেল, পেট্রল, অকটেন ও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিলে গণফোরামের নেতারা এমন মন্তব্য করেন। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাসদ ও বাংলাদেশ পিপলস পার্টির নেতারা সমাবেশে একাত্মতা জানান।

জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার দেশ ও মানুষের বারোটা বাজিয়ে দিয়েছে জানিয়ে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন বলেন, জীবনযাপনের ব্যয়বৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। বাঁচবে কি বাঁচবে না, সেটাই এখন প্রশ্ন। এত ব্যয় বহন করে মানুষ বাঁচবে কীভাবে?

ভর্তুকির নামে সরকার দেশটা শেষ করে ফেলছে—এমন অভিযোগ করে তিনি বলেন, কুইক রেন্টালের নামে ৭০ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে জনগণের টাকা লুট করা হয়েছে। অথচ এই টাকায় এক হাজার মেগাওয়াটের ছয়-সাতটি বিদ্যুৎকেন্দ্র তৈরি করা সম্ভব। কিন্তু তা করা হয়নি। আর এখন দেশে লোডশেডিং হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংক লুট করা হচ্ছে। টাকা পাচার হচ্ছে। যেন পাইকারিভাবে পাচারের বেসাতি (কেনাবেচা) চলছে। যেন বিদায়ের আগে শেষবারের মতো লুটপাট করে নিচ্ছে এই মহা লুটপাটের সরকার।

প্রধান বক্তার বক্তব্যে গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, এই সরকার, বয়রা সরকার। কারণ, সরকার জনগণের কথা শোনে না, দুঃখ-দুর্দশা বোঝে না। গত ১৪ বছরে এ সরকার ব্যাংক খালি করেছে, জনগণের পকেট কেটেছে। জনগণকে ধোঁকা দিয়ে শাসন-অপশাসন দীর্ঘস্থায়ী করতে দুর্নীতির মেগা প্রকল্প আর উন্নয়নের আইওয়াশ করেছে।

সরকারপ্রধানের উদ্দেশে তিনি আরও বলেন, ‘মানুষকে শোষণ, নির্যাতন-নিপীড়ন করেছেন। শত শত মানুষকে ক্রসফায়ারে হত্যা ও গুম করেছেন। বিচারহীনতার সংস্কৃতি চালু করে ভাবছেন, রেহাই পাবেন। সব অপরাধের বিচার এ দেশের মাটিতেই করা হবে। জনগণের দাবিতে ক্ষমতা ছাড়লে, দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপনার বিদায়ঘণ্টা বাজাবে।’

বিনা মেঘের বজ্রপাতের মতো জ্বালানি তেলের দাম বাড়ানো মানুষকে হত্যা করার শামিল মন্তব্য করে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, প্রধানমন্ত্রী বললেন, পেট্রল ও অকটেন বাই প্রোডাক্ট হিসেবে পাই। বিদেশে রপ্তানি করতেও পারি। এর সাত দিন পরেই রাতের বেলা জ্বালানি তেলের মূল্য ৫০ ভাগের বেশি বাড়িয়ে দিলেন। মানুষের সঙ্গে কী নির্মম, নিষ্ঠুর রসিকতা! রাজনীতির অঙ্গনে এমন ঘটনা আগে দেখা যায়নি।

বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী বলেন, ‘সরকার সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। মুক্তিযুদ্ধের সরকার বলে জনগণের চোখে ধুলো দিচ্ছে। তারা ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছে। আর অনেক সত্যিকারের মুক্তিযোদ্ধা রাস্তায় রাস্তায় ঘুরে না খেয়ে মরছেন। এটা দুঃখজনক।’

গণফোরাম ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশনের সঞ্চালনায় বক্তব্য দেন গণফোরামের সভাপতি পরিষদ সদস্য খান সিদ্দিকুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব আবদুল কাদের, বাংলাদেশ জাসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।