বৈঠকের পর ব্রিফিংয়ে কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ
বৈঠকের পর ব্রিফিংয়ে কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ

বিরোধীদলীয় উপনেতার বাসায় ১১–দলীয় ঐক্যের বৈঠক, শিগগির কর্মসূচি

গণভোটের রায় বাস্তবায়নে সংসদে ‘আশানুরূপ সাড়া’ না পেয়ে এবার মাঠের কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য।

গতকাল বুধবার জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউটের পর এ ইঙ্গিত দিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। আর আজ বৃহস্পতিবার আন্দোলনের বিষয় নিয়ে দুই ঘণ্টার বৈঠক করেছেন জোটের শীর্ষ নেতারা।

রাজধানীর গুলশানে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের বাসায় আজ বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত এই বৈঠক হয়।

বৈঠকে দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত হয়ে মতামত দেন। গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলনে যাওয়ার বিষয়ে বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন প্রথম আলোকে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে না চাওয়া, চলমান জ্বালানি–সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মাঠের কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। আন্দোলনের বিষয়টি নিয়ে কিছু আলাদা উপকমিটি করা হয়েছে। তারা আন্দোলনের উপযুক্ত সময় ও তারিখ ঠিক করবে।

আখতার হোসেন আরও বলেন, ‘যত শিগগির সম্ভব, কর্মসূচি ঘোষণা করা হবে।’