সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন
সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন

সিপিবির আলোচনা

অক্টোবর বিপ্লবের ১০৯ বছর পরও পৃথিবী থেকে শোষণ-বৈষম্য দূর হয়নি

পুঁজিবাদী শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদী আধিপত্য ও যুদ্ধের বিরুদ্ধে শ্রমিকশ্রেণি এবং মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে মহান অক্টোবর বিপ্লব আজও এক অনন্য প্রেরণার উৎস। কিন্তু অক্টোবর বিপ্লবের ১০৯ বছর পরও পৃথিবী থেকে শোষণ-বৈষম্য দূর হয়নি। পুঁজিবাদী বিশ্বব্যবস্থায় সম্পদ ও ক্ষমতা ক্রমেই মুষ্টিমেয় মানুষের হাতে কেন্দ্রীভূত হচ্ছে।

আজ সোমবার বিকেলে ঢাকার পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে এক আলোচনা সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা এ কথাগুলো বলেছেন। ‘মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী’ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সিপিবির নেতারা বলেন, ১৯১৭ সালের রুশ বিপ্লব কেবল রাশিয়ার রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ছিল না, তা ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে শ্রমিকশ্রেণির নেতৃত্বে পরিচালিত এক ঐতিহাসিক সমাজ পরিবর্তনের ঘটনা। এই বিপ্লব দেশে দেশে ঔপনিবেশিক শাসন, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের আন্দোলনকে নতুন শক্তি ও দিশা দিয়েছিল। শ্রমিকের অধিকার, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও মানুষের মর্যাদার প্রশ্নকে বিশ্বরাজনীতির কেন্দ্রে নিয়ে আসতে অক্টোবর বিপ্লবের ঐতিহাসিক ভূমিকা ছিল অনস্বীকার্য।

সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা, যুদ্ধ, দখলদারত্ব, অস্ত্রের প্রতিযোগিতা এবং বহুজাতিক পুঁজির আধিপত্য বিশ্বশান্তি ও মানবসভ্যতাকে বিপন্ন করছে উল্লেখ করে সিপিবির নেতারা বলেন, একদিকে বিপুল সম্পদ ও প্রযুক্তিগত অগ্রগতি, অন্যদিকে ক্ষুধা, বেকারত্ব, দারিদ্র্য ও বাস্তুচ্যুতি এই বৈপরীত্য পুঁজিবাদী ব্যবস্থার সংকটকে আরও স্পষ্ট করে তুলছে। এ বাস্তবতায় সমাজতন্ত্রের আদর্শ ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম নতুন তাৎপর্য অর্জন করেছে।

সিপিবি নেতারা বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা প্রকাশ পেয়েছিল, তা বাস্তবায়নের সংগ্রাম এখনো শেষ হয়নি। অর্থনীতির ওপর লুটেরা পুঁজি, দুর্নীতি, ঋণনির্ভরতা ও বৈষম্যের চাপ বাড়ছে। উৎপাদনশীল খাতকে শক্তিশালী করা, রাষ্ট্রায়ত্ত শিল্প ও জাতীয় সম্পদ রক্ষা, কৃষি ও শিল্পে কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা-স্বাস্থ্যসহ মৌলিক সেবাকে মানুষের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় সম্পদ ও অর্থনীতির ওপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়।

অক্টোবর বিপ্লবের শিক্ষা ধারণ করে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের ঐক্য গড়ে তোলা, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে সংগ্রাম জোরদার করা এবং বাংলাদেশে গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কমিউনিস্ট ও বাম প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সিপিবি নেতারা।

সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য রাগিব আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ ও অনিরুদ্ধ দাশ অঞ্জন। সভায় প্রবন্ধ পাঠ করেন সিপিবি নেতা কল্লোল বণিক। সঞ্চালনা করেন দলের কেন্দ্রীয় কমিটির সংগঠক ত্রিদিব সাহা।