
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অধিবেশন সামনে রেখে দলের সংসদ সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে জামায়াতে ইসলামী। সংসদ সদস্যদের অর্থনৈতিক ও জননীতিবিষয়ক জ্ঞান এবং সংসদীয় দক্ষতা বাড়াতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ‘বাজেট, অর্থনীতি ও জননীতি: সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক এ কর্মশালা গতকাল শুক্রবার শুরু হয়ে আজ শনিবার শেষ হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগ দুই দিনের এই কর্মশালার আয়োজন করে। এতে দলটির ৭৭ জন সংসদ সদস্য অংশ নেন।
জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মশালার বিভিন্ন অধিবেশনে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী। আসন্ন বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আমাদের সংসদ সদস্যদের বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।’
কর্মশালায় আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তাঁরা সংসদীয় রীতিনীতি, আইন প্রণয়ন প্রক্রিয়া ও নীতিনির্ধারণী কার্যক্রমে সংসদ সদস্যদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
জামায়াত সূত্রে জানা গেছে, কর্মশালায় জামায়াতের সাবেক সংসদ সদস্য, অর্থনীতিবিদ, সাবেক আমলা, বাজেট বিশ্লেষক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অভিজ্ঞ ব্যক্তিরা প্রশিক্ষণ দেন। তাঁরা দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। জাতীয় বাজেট বিশ্লেষণ করে সংসদে জনদাবি ও জনস্বার্থের বিষয়গুলো কীভাবে কার্যকরভাবে উপস্থাপন করা যায়, সে বিষয়েও অংশগ্রহণকারী সংসদ সদস্যদের পরামর্শ দেওয়া হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ। আজ শনিবার সন্ধ্যায় মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বাজেট অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। অর্থবিল, উন্নয়ন বরাদ্দ, এলাকাভিত্তিক সংসদ সদস্যদের প্রতিশ্রুতি, দলীয় ইশতেহারসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যরা যাতে বক্তব্য উপস্থাপনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, সে জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, কর্মশালায় কীভাবে কার্যপ্রণালি বিধি অনুযায়ী ভূমিকা রাখতে হবে, বক্তব্য দিতে হবে—এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আশা করা যায়, এ কর্মশালার পর সংসদ সদস্যরা বাজেট অধিবেশনে দক্ষতার সঙ্গে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।