বাসস ও এখন টিভির ঘটনা অশুভ সংস্কৃতির ইঙ্গিত দিচ্ছে: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ
প্রতীকী ফাইল ছবি

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে সরাতে চাপ সৃষ্টি এবং বেসরকারি চ্যানেল এখন টেলিভিশনের চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটি দেওয়ার অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলেছে, এই দুটি ঘটনা অশুভ সংস্কৃতির আভাস দিচ্ছে।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে ইসলামী আন্দোলন। দলের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি পাঠান ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ। বিজ্ঞপ্তিতে সাংবাদিক হয়রানি বন্ধের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসসের প্রধান সম্পাদকের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক। তাঁর ব্যাপারে কারও যৌক্তিক কোনো অভিযোগ থাকলে তা সুরাহা করার আইনি ব্যবস্থা আছে। তার চর্চা না করে একধরনের মব তৈরি করে তাঁকে অপদস্থ করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

নতুন সরকার গঠনের দিনেই এখন টিভির চারজন সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর ঘটনাকে ‘অশুভ আলামত’ উল্লেখ করে ইসলামী আন্দোলন বলেছে, যে কারণ দেখিয়ে তাঁদের ছুটি দেওয়া হয়েছে, তা অস্পষ্ট ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনো ধরনের ব্যাখ্যা না চাওয়া, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউকে চাকুরিচ্যুত করা অমানবিক ও স্বেচ্ছাচারী আচরণ।

বাসস ও এখন টিভির ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অবিলম্বে এখন টিভির চার সাংবাদিকের (মাহমুদ রাকিব, আজহারুল ইসলাম, মুজাহিদ শুভ ও বেলায়েত হোসাইন) বাধ্যতামূলক ছুটি প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়।