
মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে জয়ের ঘটনা যেমন আছে, তেমনি দেড় লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ের নজিরও রয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন পার্বত্য রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দেড় লাখের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মোট চারজন প্রার্থী। তাঁদের মধ্যে তিনজন বিএনপির এবং একজন জামায়াতে ইসলামীর। তাঁরা হলেন রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী মো. হারুন-অর-রশিদ, জামালপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বাবুল ও সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আবদুল খালেক।
এ ছাড়া এক লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আরও ২৬ জন প্রার্থী। তাঁদের মধ্যে ২৪ জন বিএনপির, একজন জামায়াতের এবং একজন জামায়াতের নির্বাচনী জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি-এনসিপির।
সর্বাধিক ভোটে জয়ী দীপেন দেওয়ান রাঙামাটিতে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে। তাদের ভোটের ব্যবধান ১ লাখ ৭০ হাজার ৩২২। ধীনের শীষ প্রতীকে দীপেন দেওয়ান পেয়েছেন ২ লাখ ১ হাজার ৫৪৪ ভোট। পহেল চাকমা ফুটবল প্রতীকে পান ৩১ হাজার ২২২ ভোট। এই আসনে ভোটার সংখ্যা ৫ লাখের বেশি।
রাজবাড়ী-২ আসনে বিএনপি প্রার্থী মো. হারুন-অর-রশিদ ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোটের ব্যবধানে জিতেছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত–সমর্থিত নির্বাচনী ঐক্যের জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী জামিল হিজাযী পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। এ আসনে ভোটার সংখ্যা সাড়ে ৫ লাখের বেশি।
জামালপুর-৩ আসনে বিএনপি প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বাবুল ১ লাখ ৬২ হাজার ৫৩ ভোটের ব্যবধানে জিতেছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৬ হাজার ২১৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. মুজিবুর রহমান আজাদী পেয়েছেন ৪৪ হাজার ১৬১ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৩৯ হাজারের বেশি।
সাতক্ষীরা-২ আসনে জামায়াত প্রার্থী মুহাম্মদ আবদুল খালেক ১ লাখ ৫০ হাজার ৭৩০ ভোটের ব্যবধানে জিতেছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আবদুর রউফ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২২৯ ভোট। এ আসনে ৫ লাখ ৩৫ হাজারের বেশি ভোটার রয়েছেন।
এবার নির্বাচনে ২৯৯টি আসনে (প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত) প্রতিদ্বন্দ্বিতা করেন ২ হাজার ২৮ জন প্রার্থী। এ পর্যন্ত ২৯৭টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপি ও তার মিত্রদলগুলো ২১২টি, জামায়াতে ইসলামী ও মিত্রদলগুলো ৭৭টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন। আইনি জটিলতার কারণে দুটি আসনে ফল ঘোষণা করা হয়নি।