এলিজা জামান
এলিজা জামান

ফেরদৌসীর শূন্য আসনে সংসদ সদস্য হলেন এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে এলিজা জামান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরদিন আজ সোমবার এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এরই মধ্যে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান প্রথম আলোকে বলেন, এলিজা জামানকে আজ আইন অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক তিনি।

গত ১ অক্টোবর ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।

আইন অনুযায়ী, শূন্য হওয়া আসনটিতে শুধু বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র দেওয়ার সুযোগ ছিল। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সাধারণত একক প্রার্থী দেওয়া হয়। এ কারণে ভোটাভুটির দরকার পড়ে না।

জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০ আসনের সদস্য নির্বাচিত হন নির্বাচনী এলাকার ভোটারদের সরাসরি ভোটে। আর ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত।

জাতীয় নির্বাচনে কোনো দল বা জোটের প্রাপ্ত আসনের অনুপাতে এই ৫০টি আসন দল কিংবা জোটের মধ্যে বণ্টন করা হয়।

এই বণ্টনপদ্ধতি আইনে সুনির্দিষ্ট করে দেওয়া রয়েছে। চলতি ত্রয়োদশ সংসদে বিএনপি ৩৬টি নারী আসন পায়। এর একটিতে মনোনীত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন ফেরদৌসী আহমেদ।

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদের নাম আসে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ১ অক্টোবর তিনি সংসদ সদস্য পদ ছাড়েন।