রওশন ও জি এম কাদের বললেন তাঁরা ঐক্যবদ্ধ

রওশন এরশাদ ও জি এম কাদের
প্রথম আলো ফাইল ছবি

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, তাঁরা ঐক্যবদ্ধ। দলে কোনো বিভক্তি নেই। গতকাল সোমবার গণমাধ্যমে যৌথ বিবৃতি পাঠিয়ে রওশন এরশাদ ও জি এম কাদের এ কথা বলেছেন। বিবৃতিতে দুই নেতার সই রয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘কিছুদিন ধরে গণমাধ্যমে জাতীয় পার্টির বিভক্তি সম্পর্কিত বিভ্রান্তিকর কিছু খবর প্রকাশিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আমি জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ও আমি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে পার্টিতে কোনো বিভক্তির প্রশ্নই ওঠে না। বরং আমরা দুইজনেই ঐক্যবদ্ধভাবে প্রয়াত নেতা হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর।’

বিবৃতিতে রওশন এরশাদ ও জি এম কাদের বলেন, ‘আমরা দুজনই পার্টিকে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে এবং ৩০০ আসনেই প্রার্থী প্রদান করার জন্য পার্টিকে সুসংগঠিত করার প্রত্যয় ঘোষণা করছি।’