ভারতের সঙ্গে ‘মূল সমস্যাগুলো সমাধানে’ আশাবাদী নন মেনন

‘জনগণতন্ত্র: তত্ত্ব ও প্রয়োগ’ শীর্ষক ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা‍। জাতীয় প্রেসক্লাব, ঢাকা
 ছবি: শুভ্র কান্তি দাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য ভারত সফর এখন ‘সবচেয়ে বড় আলোচ্য বিষয়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তবে এ সফরের মাধ্যমে দুই দেশের যে মূল সমস্যা আছে, তা সমাধানের ব্যাপারে তিনি আশাবাদী নন বলেও জানিয়েছেন। মেনন বলেন, ‘আমাদের মূল যে সমস্যাগুলো তা সমাধানের ক্ষেত্রে খুব একটা আশাবাদী হতে পারছি না।’

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও সে–তুংয়ের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাশেদ খান মেনন বলেন, তিস্তার সমস্যা এখনো ঝুলে রইল। গঙ্গা চুক্তি ২০২৬ সালে শেষ হয়ে যাচ্ছে। এই চুক্তিতে পানিপ্রবাহ বৃদ্ধির কথা বলা হয়েছিল।

দেশের বর্তমান সংকট প্রসঙ্গে মেনন বলেন, মন্ত্রীরা বলছেন, গুদামে পর্যাপ্ত পরিমাণে খাদ্য ও সার আছে। কিন্তু মাঠে গেলে দেখা যায় কৃষক সার পাচ্ছেন না। খরায় জমি শুকিয়ে যাচ্ছে। খাদ্যের অভাবও নেই বলছেন। কিন্তু দাম বাড়তে বাড়তে এখন মোটা চালের দাম প্রায় ৬০ টাকা। এটা হচ্ছে সমাজের আসল চিত্র। ইউক্রেন রাশিয়া, আমেরিকাকে গালি দিয়ে লাভ হবে না।

বাম নেতা মেনন আরও বলেন, বাস্তবতা হচ্ছে, পৃথিবী যতই পাল্টে যাক, শোষক ও শোষিতের পার্থক্য, শোষণমূলক ব্যবস্থা অব্যাহতভাবে রয়ে গেছে। বাংলাদেশের মতো দেশগুলোয় তা অনেক বেশি বাস্তব। মুক্তিযুদ্ধের চেতনা প্রসঙ্গে তিনি বলেন, চেতনা কেবল পতাকা বদল বা মানচিত্র বদল নয়। এর সঙ্গে অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক পরিবর্তন, মৌলিক মানবাধিকারের বিষয়গুলোও রয়েছে।

জনগণতন্ত্র তত্ত্ব সম্পর্কে সঠিক উপলব্ধি করতে হবে জানিয়ে এই বাম নেতা বলেন, নয়তো বিপ্লব সাধিত হবে না। তৃতীয় বিশ্বের দেশগুলো সাম্রাজ্যবাদী দ্বারা নিষ্পেষিত।
মাও সে–তুং সম্পর্কে মেনন বলেন, তিনি দেহত্যাগ করেছেন, কিন্তু তাঁর কর্ম শুধু চীনের দলই অনুসরণ করে, তা নয়। বিশ্বের অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্যও তা অনুসরণীয়।

সভায় সদ্য মারা যাওয়া তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ, ইতিহাসবিদ, গবেষক ও শিক্ষক আকবর আলি খানের প্রতি শ্রদ্ধা জানান রাশেদ খান মেনন।
আলোচনা সভায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ শমশির ‘জনগণতন্ত্র: তত্ত্ব ও প্রয়োগ’ শীর্ষক এক প্রবন্ধ তুলে ধরেন।