
নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন এবং দেশ পুনর্গঠনের ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিতে জাতীয় ঐকমত্য তৈরিতে কাজ করতে আগ্রহী এবি পার্টি ও গণফোরাম (মন্টু)। আজ মঙ্গলবার এই দুটি দলের মধ্যে মতবিনিময় শেষে এবি পার্টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক সংকটে জাতীয় ঐক্য ও সংহতিকে প্রাধান্য দিয়ে ওই দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়। গণফোরামের আমন্ত্রণে এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমানের নেতৃত্বে এবি পার্টির প্রতিনিধিদল গণফোরামের কার্যালয়ে যায়।
গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, বর্তমান পরিস্থিতিতে শুধু নির্দলীয় নির্বাচনই সমাধান নয়, দেশ পুনর্গঠনের জন্য ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিতে জাতীয় ঐকমত্য তৈরিতে কাজ করতে হবে। তিনি ঐকমত্য তৈরির জন্য লিয়াজোঁ কমিটি গঠন করে কাজ করার প্রস্তাব করেন।
সংলাপ ও মতবিনিময়কালে গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান, গণফোরামের নির্বাহী সভাপতি মহসিন রশিদ প্রমুখ বক্তব্য দেন।