জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় শাখা ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে এই নোটিশ দেওয়া হয়।

নোটিশ পাওয়া দুই নেতা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমি। তাঁদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন তাঁদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্টে স্টেজে বসার ঘটনাকে কেন্দ্র করে সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমির অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা ধাক্কাধাক্কি ও সংঘর্ষে গড়ায়।

সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হন। তাঁরা হলেন গণিত বিভাগের ১৮তম ব্যাচের তানজিল আহমেদ মিথিল, রসায়ন বিভাগের ১২তম ব্যাচের রবিউল ইসলাম শাওন এবং ম্যানেজম স্টাডিজ বিভাগের ১৬তম ব্যাচের মনিরুজ্জামান মনির। তাঁদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে দুজনের মাথায় আঘাত রয়েছে।

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামাল হোসেন জানান, তিনজন চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁদের মধ্যে দুজনের মাথায় আঘাত ছিল। একজনকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আজম খান বলেন, ‘এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। কেউ যদি লিখিত অভিযোগ দেয়, তাহলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, ‘আমরা তো প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম। এদিকে সিনিয়র-জুনিয়রদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছে।’ কেন্দ্রীয় ছাত্রদলের দেওয়া কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি এখনো কিছু জানি না।’