ঢাকা-৯ আসনে নির্বাচনী গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। উত্তর মুগদা, ঢাকা, ৬ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-৯ আসনে নির্বাচনী গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। উত্তর মুগদা, ঢাকা, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ফুটবল প্রতীকের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন তাসনিম জারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বলেছেন, ‘ঢাকা-৯ আসনের মানুষের কাছে আহ্বান থাকবে, গণভোটে “হ্যাঁ” ভোটের পাশাপাশি ফুটবলের পক্ষে নতুন রাজনীতির পক্ষে রায় দেবেন।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তর মুগদায় গণসংযোগের সময় ভোটারদের প্রতি এই আহ্বান জানান তাসনিম জারা। এ সময় স্থানীয় অনেকে তাসনিম জারার প্রচারে অংশ নিয়ে ফুটবল প্রতীকে ভোট চেয়ে স্লোগান দেন।

ভোটারদের উদ্দেশে তাসনিম জারা বলেন, ‘আমি খিলগাঁওয়ে বড় হয়েছি। আপনাদের ঘরের মেয়ে আমি। ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছি, এরপর যুক্তরাজ্যে পড়াশোনা ও কাজ করার সুযোগ হয়েছে। দেশ-বিদেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি আন্তরিকতার সঙ্গে এলাকার মানুষের জন্য কাজ করতে চাই।’

তাসনিম জারা আরও বলেন, নির্বাচিত হলে স্বাস্থ্য খাতের উন্নয়নে অগ্রাধিকার দেবেন। স্কুলশিক্ষার্থীরা যেন বিশ্বমানের শিক্ষা ও সুযোগ-সুবিধা পায়, সে পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানের কথাও বলেন তাসনিম জারা। তিনি বলেন, ‘গ্যাসের সমস্যা, নিরাপত্তার সমস্যা—এগুলো বছরের পর বছর ধরে চলছে। মানুষ নিয়মিত কর দেয়, কিন্তু ন্যায্য সেবা পায় না। আমি নির্বাচিত হলে এই সমস্যাগুলো সমাধানে কাজ করব, যাতে মানুষ তাদের ন্যায্য অধিকার বুঝে পায়।’

এ সময় ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সবাইকে সকাল সকাল কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তাসনিম জারা বলেন, ‘আপনারা ফুটবল মার্কায় ভোট দেবেন এবং পরিচিত অন্তত পাঁচজনকে ফুটবল মার্কায় ভোট দিতে উৎসাহিত করবেন।

নির্বাচনের পরিবেশ নিয়ে তাসনিম জারা বলেন, অনেক ভোটারের মধ্যে শঙ্কা থাকলেও অধিকাংশ মানুষ ভোট দিতে মুখিয়ে আছেন। বিশেষ করে যাঁরা প্রথমবার ভোটার হয়েছেন, তাঁদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। একটি সুষ্ঠু পরিবেশ ভোট হবে বলে আশা প্রকাশ করেন তিনি।