আন্দোলনে নামছে সিপিবি–বাসদের বাম জোট

বিএনপি ও সমমনাদের পর এবার বাম দলগুলোর জোট যুগপৎ আন্দোলন করার ঘোষণা দিয়েছে। তবে বাম জোটের এই যুগপৎ আন্দোলন বিএনপির সঙ্গে নয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট তাদের সমমনা অন্যান্য দল নিয়ে আলাদাভাবে বিভিন্ন ইস্যুতে যুগপৎ আন্দোলন করবে। তাদের এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ।

প্রথম কর্মসূচি হিসেবে তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১৫ মে সোমবার বিকেল সাড়ে চারটায় জমায়েত ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে। কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে তা পালন করা হবে। এতে বাংলাদেশ জাসদ অংশ নেবে। আর বাম জোট ঢাকার বাইরেও একই দিনে একই কর্মসূচি পালন করবে।

গত শুক্রবার বিকেলে বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই বিভিন্ন ইস্যুতে জাসদ ও বাম গণতান্ত্রিক জোট যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে।  

বৈঠকে অংশ নেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং বাম গণতান্ত্রিক জোটের পক্ষে জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

বাম জোটের সূত্র জানিয়েছে, এ যুগপৎ আন্দোলন প্রক্রিয়ার সঙ্গে ঐক্য ন্যাপও যুক্ত হবে বলে জানিয়েছে। তবে তারা বাম জোটের সোমবারের কর্মসূচিতে সংহতি জানাবে। এর বাইরে অন্যান্য দলের সঙ্গেও বাম জোট আলোচনা চালাচ্ছে।

এ ছাড়া যুগপৎ আন্দোলন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে রাজনৈতিক দলের বাইরে বিভিন্ন সংগঠনগুলোর সঙ্গেও আলোচনা করছে বাম জোট। এর মধ্যে সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন ছাত্র, শ্রমিক ও কৃষক সংগঠনও রয়েছে। এমনকি জেলা বা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির বাইরে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে সূত্র জানিয়েছে।

বাংলাদেশ জাসদ ও বাম গণতান্ত্রিক জোটের গত শুক্রবারের বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট, দুর্নীতি-লুটপাট, বিরাজমান অর্থনৈতিক দুরবস্থা, দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতিসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রথম আলোকে বলেন, ‘দুঃশাসন’ বন্ধে তারা সমমনা সবাইকে নিয়ে লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করবেন। বর্তমান সরকারের দুঃশাসন বদলে বিএনপি বা অন্যদের বসানো তাদের লক্ষ্য নয়। তাদের মূল লক্ষ্য ব্যবস্থার পরিবর্তন। এ জন্য বাম শক্তির পাশাপাশি গণসংগঠনগুলোকে এক করার চেষ্টা চলছে।

বিএনপি ও সমমনা দলগুলো নিরপেক্ষ সরকার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা বিষয়ে যুগপৎ আন্দোলন করছে। আগামী শনিবারও তাদের সমাবেশ কর্মসূচি রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগও পাল্টা সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছে।

বাম গণতান্ত্রিক জোট বিএনপি বা আওয়ামী লীগের কোনোটির সঙ্গেই নেই। বাংলাদেশ জাসদ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ছিল। কিন্তু তারা এখন সেই জোটে নেই। কয়েক বছর ধরে দলটি নিজস্ব কর্মসূচি পালন করে আসছে। তারা সরকারের সমালোচনাও করছে। এখন দলটি বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া প্রথম আলোকে বলেন, তাঁরা কোনো জোট করছেন না। তবে বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে যুগপৎ আন্দোলন চালিয়ে যাবেন।

বিরোধী দলগুলো সরকারবিরোধী আন্দোলন করছে। তারা নানা কর্মসূচি নিয়ে মাঠে আছে। আপনাদের কর্মসূচি কি সরকারবিরোধী হবে? এই প্রশ্নের জবাবে শরীফ নূরুল আম্বিয়া বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতি-লুটপাটের জন্য তো সরকারই দায়ী। এখন এই বিষয়ে আন্দোলন যদি সরকারবিরোধী হয়, সেটা হতেই পারে।