বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির লোগো
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির লোগো

জেলে, মজুর ও ভূমিহীনদের মাছ ধরার অধিকার নিশ্চিতের দাবি ক্ষেতমজুর সমিতির

ঝিনাইদহের কোটচাঁদপুরে হাওর-বাঁওড়-বিল-খাস জলাশয়ের ইজারা প্রথা বাতিল করার দাবিতে লাল পতাকা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। এ সময় জেলে, মজুর ও ভূমিহীনদের মাছ ধরার অধিকার নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

বুধবার সকালে কোটচাঁদপুর বলুহর বাসস্ট্যান্ডে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ক্ষেতমজুর সমিতির লাল পতাকা মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়। একই দাবিতে যশোর, চুয়াডাঙ্গা, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, চট্টগ্রাম, সুনামগঞ্জসহ বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সমাবেশে ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি কাজী ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অর্ণব সরকার, কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, ঝিনাইদহ জেলা নেতা নির্মল হালদার, সহকারী সাধারণ সম্পাদক পরিতোষ হালদার, জেলা কমিটির নেতা মনোরঞ্জন হালদার, মহেশপুর উপজেলা সভাপতি বাসুদেব বিশ্বাস, উপজেলা নেতা সাধন হালদার, কোটচাঁদপুর উপজেলা নেতা নিত্য হালদার, লালন হালদার, শীলা হালদার প্রমুখ।

বক্তারা বলেন, ইজারা প্রথার কারণে প্রকৃত মৎস্যজীবীরা বেকার হয়ে পড়ছেন এবং মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাই ‘জাল যার, জলা তার’ নীতির আলোকে জলমহালগুলো স্থানীয় গরিব জেলেদের সমবায়ের মাধ্যমে বরাদ্দ দেওয়ার চার দফা দাবি জানানো হয় সমাবেশ থেকে।

দ্রুত দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন নেতারা।