প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদে
প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদে

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, হাওরাঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে।

আজ বুধবার জাতীয় সংসদে হাওরাঞ্চলের এক সংসদ সদস্যের কৃষকদের দুর্ভোগ তুলে ধরার পর এ কথা জানান প্রধানমন্ত্রী।

জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ের নোটিশের পরিপ্রেক্ষিতে একটি সম্পূরক প্রশ্নে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, প্রবল বর্ষণে সব হাওর তলিয়ে যাচ্ছে। কৃষকেরা ধান কাটতে মাঠে লড়াই করছেন।

পরে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কৃষকদের বিষয়টি উদ্বেগের। তিন দিন আগে আবহাওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে তিনি তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলেন, যেন পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত হলে ব্যবস্থা নেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সকালে অধিবেশন শুরু হওয়ার আগে আমি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি এবং নির্দেশনা দিয়েছি, এ তিন জেলাসহ ময়মনসিংহের কিছু এলাকা প্রবল বর্ষণে সমস্যার সম্মুখীন হয়েছে। এসব এলাকার যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাঁদের ফসল নষ্ট হয়েছে, তাঁদের লোকেট (চিহ্নিত) করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করব।’