
ক্ষমতা টিকিয়ে রাখা ও বিরোধী মতকে দমনের জন্য সরকার এবার সাইবার নিরাপত্তা আইন করতে যাচ্ছে বলে মনে করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটির নেতারা দাবি করেছেন, বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যে লড়াই, তা দমন করার জন্যই সাইবার নিরাপত্তা আইনের বিষয়টি সামনে আনা হয়েছে। সাইবার নিরাপত্তা আইন আসলে ‘আই ওয়াশ’ (লোকদেখানো), এটি মানুষের সঙ্গে ‘প্রতারণা’।
‘সাইবার নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা আইনের খোলস বদল মাত্র’—এই ব্যানারে আজ শুক্রবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ। দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদের সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস ও সদস্য জুলফিকার আলী।
সমাবেশে বাসদ নেতারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক মুশতাককে জীবন দিতে হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা প্রায় এক বছর ধরে কারাবন্দী। সাত হাজারের বেশি মামলা হয়েছে। নিবর্তনমূলক এই আইন বাতিলের দাবিতে দেশের মানুষ দীর্ঘদিন ধরে সোচ্চার। জাতিসংঘসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থাও এই আইন বাতিলের দাবি জানিয়ে আসছে। নানামুখী চাপে পড়ে সরকার আইনটি বাতিল না করে পরিবর্তন করছে। ডিজিটাল নিরাপত্তা আইনের বেশির ভাগ ধারা নতুন সাইবার নিরাপত্তা আইনেও থাকবে। নতুন আইনের নামে জনগণের সঙ্গে ‘প্রতারণা’ বলেও উল্লেখ করেন বাসদ নেতারা।
সমাবেশ শেষে বাসদের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।