৭ জানুয়ারি ভোট বর্জনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদের একাংশ বিক্ষোভ সমাবেশ করে
৭ জানুয়ারি ভোট বর্জনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদের একাংশ বিক্ষোভ সমাবেশ করে

৭ জানুয়ারি পরিবারকে সময় দিন, ঘুরতে যান: রেজা কিবরিয়া

আগামী ৭ জানুয়ারি ভোট না দিয়ে পরিবারকে সময় দিতে, পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ৭ জানুয়ারি ভোট বর্জনের দাবিতে গণ অধিকার পরিষদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই আহ্বান জানান।

ভোটের নামে সরকার নতুন এক নাট্যমঞ্চের আয়োজন করতে যাচ্ছে উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, সরকার জনগণকে ভোটকেন্দ্রে নিতে নানা ভয়ভীতি দেখাচ্ছে। ভয়ভীতি দেখালে পরিণতি  ভালো হবে না।

গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব ফারুক হাসান বলেন, আগামী ৭ জানুয়ারি ফেলানী হত্যা দিবস। এই দিনে এই সরকারের ভোট জনগণ রুখে দেবে। সরকারকে লাল কার্ড দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সরকারকে আর কোনো সহযোগিতা করা হবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান, অধ্যাপক মাহবুব হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইমামউদ্দিন, যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাকিব হোসাইন, ছাত্র অধিকার পরিষদের আহ্বআয়ক মোল্লা রহমতুল্লাহসহ প্রমুখ।

বিক্ষোভ শেষে পল্টন এলাকায় ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করেন গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা।