ফরিদপুর-৩ আসন

শামীমের প্রার্থিতার বিরুদ্ধে এ কে আজাদের আবেদনের শুনানি ২ জানুয়ারি

এ কে আজাদ (বাঁয়ে) ও শামীম হক (ডানে)
ফাইল ছবি

আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক। চেম্বার আদালতের ওই আদেশ প্রত্যাহার চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ আবেদন করেন। এই আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী ২ জানুয়ারি শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, শামীম হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তবে তাঁর প্রার্থিতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। আপিলে দাবি করা হয়, শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক। শুনানি শেষে ইসি আপিল মঞ্জুর করে সিদ্ধান্ত দেয়। ফলে শামীম হকের প্রার্থিতা বাতিল হয়। এর বৈধতা নিয়ে প্রার্থিতা ফিরে পেতে শামীম হক ১৭ ডিসেম্বর রিট করেন। হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন শামীম হক, যার ওপর ১৯ ডিসেম্বর চেম্বার আদালতে শুনানি হয়। সেদিন চেম্বার আদালত শামীম হকের মনোনয়ন বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন। তাঁর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত এবং রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে শামীম হককে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। ফলে তাঁর নির্বাচনে অংশ নেওয়ার পথ খোলে। তবে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ ১৯ ডিসেম্বর দেওয়া আদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। আবেদনটি আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।

আদালতে এ কে আজাদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী, তানজিব উল আলম ও মুস্তাফিজুর রহমান খান। শামীম হকের শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও আইনজীবী এম হারুনুর রশীদ খান। পরে জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘শামীম হকের প্রার্থিতা নিয়ে ১৯ ডিসেম্বর দেওয়া আদেশ প্রত্যাহার চেয়ে এ কে আজাদ আবেদনটি করেন। চেম্বার আদালত আবেদনটি ২ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন।’