সংসদ অধিবেশন
সংসদ অধিবেশন

ঢাকা ওয়াসার পানি নিয়ে সংসদে অভিযোগ

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম বলেছেন, ঢাকা ওয়াসার পানি দুর্গন্ধময়, এমনকি পোকাও রয়েছে। তাই মানুষ পান করতে পারে না।

আজ বুধবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে নোটিশের আলোচনায় এটিসহ চারটি সমস্যার কথা তুলে ধরেন ঢাকা–১২ আসনের এই সংসদ সদস্য।

সাইফুল আলম বলেন, ঢাকা শহরে যাঁরা বাস করেন, তাঁদের চারটা সমস্যা। একটা হলো জলাবদ্ধতা। ঢাকা শহরের প্রাকৃতিক খালগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে তাঁর নির্বাচনী এলাকাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়।

সামনে বর্ষা আসছে উল্লেখ করে সাইফুল আলম বলেন, জায়গায় জায়গায় হাঁটুপানি হয়। ধানমন্ডি ২৭, বিজয় সরণিতে পানি জমে। পান্থপথের উত্তর পাশে একটা খাল ছিল, এটা বন্ধ করে দিয়ে মার্কেট করা হয়েছে। যার ফলে পান্থপথের উত্তর দিকের আবাসিক এলাকায় বর্ষাকালে হাঁটুপানি জমে যায়। এটিসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতা দূর করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

বর্জ্য ব্যবস্থাপনা রাজধানীর আরেকটি সমস্যা উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ভালো করা উচিত। জায়গায় জায়গায় ভাগাড় বসানো হয়েছে, গন্ধ বের হচ্ছে। এগুলোর সমাধান করা দরকার। এ ছাড়া পুরো ঢাকা শহর গ্যাসের সমস্যায় ভুগছে বলে উল্লেখ করে তিনি বলেন, ৪০-৫০ বছরের অনেক পুরোনো গ্যাসলাইন। এগুলো সংস্কার করা দরকার।

নোয়াখালী বিভাগের দাবি

এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, বৃহত্তর নোয়াখালীকে বিভাগ করার জন্য ১৯৯৪ সাল থেকে অঞ্চলটির জনগণ ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন। তিনি বলেন, ভৌগোলিক অবস্থান, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্রের দিক থেকে এই অঞ্চলে রয়েছে স্বতন্ত্র মর্যাদা ও পরিচিতি।

নোয়াখালীকে বাংলাদেশের অন্যতম পুরোনো জেলা উল্লেখ করে হান্নান মাসউদ বলেন, ব্রিটিশ শাসনামলে ঐতিহাসিক বাস্তবতা এবং আঞ্চলিক গুরুত্বপূর্ণতার কারণে এ অঞ্চলে একটি বড় বিমানঘাঁটিও নির্মাণ করা হয়েছিল। এ অঞ্চলে ভুলুয়া নামক নদীবন্দর ছিল, যা দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নদীবন্দর ছিল।

হান্নান মাসউদ বলেন, খেলাফত আন্দোলন, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণ–অভ্যুত্থানে এ অঞ্চলের মানুষ সম্মুখসারি থেকে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। দুঃখজনক হলেও সত্য, রাজনৈতিক নানা কারণে দীর্ঘদিন ধরে এ অঞ্চল উন্নয়ন ও প্রশাসনিক দিক থেকে বঞ্চিত হয়ে আসছে। ফলে এখানকার জনগণ বৈষম্যের শিকার।

অবশ্য সময় শেষ হয়ে যাওয়ায় হান্নান মাসউদ তাঁর বক্তব্য শেষ করতে পারেননি।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. এনামুল হক বলেন, বিদ্যুৎ–সংকটের কারণে বোরো মৌসুমে সেচে ব্যাঘাত ঘটছে। কিছু কিছু জায়গার উঁচু জমিতে পানি না থাকায় ধান পুড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জামায়াতের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, দেশের প্রতিটি এলাকায় অপরাধ সংঘটিত হচ্ছে। পুলিশ প্রতিদিন সক্রিয়ভাবে অভিযানে গেলে অপরাধীও ধরা পড়বে, অপরাধও বন্ধ হয়ে যাবে। কিন্তু দেখা যায় যে যারা অভিযানে যায়, পুলিশের মধ্যে কিছু ভালো লোকও আছে, আবার এমনও আছে ওখানে গিয়ে মোবাইল টিপে অথবা তাদের (অপরাধী) সঙ্গে খাইখাতির করে। অপরাধীদের ধরতে অভিযান পরিচালনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। একই সঙ্গে চাঁদাবাজদের ধরতেও তিনি প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।