
সরকারের দুঃশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির সারা দেশের আন্দোলন দেখে সরকার ভয় পেয়ে গেছে। তারা আবার আবার লাঠিয়াল বাহিনী নামিয়ে দিয়েছে। তবে কোনো লাঠিয়াল বাহিনীতে কাজ হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা বিএনপি।
দুপুর ১২টায় পূর্বঘোষিত এ কর্মসূচি পালনের কথা থাকলেও সকাল ১০টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন দলের নেতা-কর্মীরা। ১২টার দিকে কর্মসূচি শুরু হলে রাস্তার দুই পাশেই ব্যানার–ফেস্টুন হাতে দাঁড়িয়ে যান তাঁরা। বিএনপির এই কর্মসূচির কারণে নয়াপল্টন এলাকার সড়ক হয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করতে হয়েছে। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও নয়াপল্টন ও আশপাশের এলাকায় মোতায়েন ছিল।
মানববন্ধন কর্মসূচিতে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সারা দেশে এরা (সরকার) ত্রাসের রাজস্ব সৃষ্টি করেছে। ভয় দেখিয়ে, গুম–খুন করে এরা রাষ্ট্র চালাচ্ছে। দেশ রক্ষায় তরুণ ও যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
দলের নেতা–কর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, গুম হয়ে যাওয়া ব্যক্তির সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য, তাঁদের বাবাকে, ভাইকে এবং ছেলেকে ফিরিয়ে আনার জন্য আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে। মানুষকে সঙ্গে নিয়ে দুর্বার গণ–আন্দোলন গড়ে তুলতে হবে।
গুমের ঘটনাগুলো নিয়ে জাতিসংঘের অধীন আবারও স্বাধীন নিরপেক্ষ তদন্তের দাবি জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘অন্যথায় ওই সব সরকারপ্রধান, যাঁরা অতীতে গুম করেছেন, তাঁদের যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে, আপনাদেরও (ক্ষমতাসীনদের) সেভাবে বিচারের আওতায় আনা হবে।’
সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে গুম দিবস পালন করতে হবে স্বাধীন দেশে, এটা মানুষের কল্পনারও বাইরে ছিল। এসব ঘটনার পেছনে যাঁরা জড়িত, তাঁরা চিহ্নিত হয়েছেন। গুম খুনের কারণের র্যাবের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্বের সামনে দেশকে ছোট করা হয়েছে। যাঁরা গুম–খুনের সঙ্গে জড়িত, তাঁরা কেউ রেহাই পাবেন না উল্লেখ করে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, তাঁদের বিচার বাংলাদেশের আদালতেই হবে। প্রয়োজনে আরও রক্ত দেওয়া হবে—এরপরও এই সরকারের রেহাই হবে না বলেও মন্তব্য করে তিনি।
গুম করা মানবতার সবচাইতে ভয়ংকর অপরাধ বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতিটি গুমের ঘটনায় আওয়ামী লীগ দায়ী। তিনি অভিযোগ করে বলেন, আয়নাঘরে যে নির্যাতন–নিপীড়ন হচ্ছে, এটা আওয়ামী লীগ জানে। তাদের পরামর্শেই এসব করা হচ্ছে।
মানববন্ধন কর্মসূচিতে গুম হওয়ার পরিবারের সদস্যরাও বক্তব্য দেন। তাঁরা তাঁদের স্বজনদের ফিরিয়ে দিতে সরকারের কাছে অনুরোধ জানান।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মানববন্ধন সঞ্চালনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ প্রমুখ।