বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে দিয়েছিলেন ঐক্যের বার্তা। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে দিয়েছিলেন ঐক্যের বার্তা। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুম

শফিকুর–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের দুজন কর্মকর্তা আজ শনিবার প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেন। তাঁরা বলেন, আগামীকাল সন্ধ্যা সাতটায় তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর আটটায় যাবেন নাহিদ ইসলামের বাসায়।

জামায়াতের আমির শফিকুর রহমানের বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। নাহিদ ইসলাম থাকেন বেইলি রোডে।

তারেক রহমান নির্বাচন–পরবর্তী সৌজন্য বিনিময়ে তাঁদের সঙ্গে দেখা করতে যাবেন বলে সূত্রটি জানায়।

এর আগে আজ তারেক রহমান সংবাদ সম্মেলনে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আগামী দেশ পরিচালনায় সহযোগিতাও চান।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সঙ্গে, যে মোর্চায় এনসিপিও রয়েছে।

নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তারা ২০৯টি আসনে জয়ী হয়েছে।

জামায়াতে ইসলামী ও মিত্রদলগুলো ৭৭টি আসনে জয়ী হয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে।