প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন আজ সোমবার রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের প্রস্তুতিকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন আজ সোমবার রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের প্রস্তুতিকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

ভোটের দিন যতই ঘনাবে, ভয়ও ততই কাটবে: সিইসি

সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর রাজনৈতিক নেতাদের মধ্যে আতঙ্ক–উদ্বেগের মধ্যে তাঁদের আশ্বস্ত হওয়ার মতো কথা শোনালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, ভোটের দিন যতই ঘনিয়ে আসবে, ভয় ততই কেটে যাবে।

আজ সোমবার সকালে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের প্রস্তুতিকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। এর কিছুক্ষণের মধ্যেই খুলনায় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠনের এক নেতা গুলিবিদ্ধ হওয়ার খবর আসে।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দিনদুপুরে রাজধানীতে গুলি করা হয় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও বাঁচানো যায়নি। গত বৃহস্পতিবার তিনি মারা যান।

হাদি হত্যাকাণ্ডের পর শঙ্কিত হয়ে অন্তত ১৫ জন রাজনীতিবিদ সরকারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। তাঁদের কেউ পুলিশ চেয়েছেন, কেউ অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান চেয়েছেন, কেউ চেয়েছেন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স।

ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনা ভোটারদের মধ্যেও আতঙ্ক ছড়াচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘অসুবিধা হবে না, ইনশা আল্লাহ। যতই ভোটের দিন ঘনিয়ে আসবে, ততই ভয় কেটে যাবে। আপনারা দেখবেন। আমরা তো কনফিডেন্ট আছি।’

আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গতকাল রোববার ইসি আইনশৃঙ্খলা–সংক্রান্ত বৈঠক করে। তাতে সব বাহিনীকে এখন থেকে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়।

নির্বাচনের পরিবেশ নিয়ে আশাবাদ প্রকাশ করে নাসির উদ্দীন বলেন, ‘ভোট উৎসব হবে ইনশা আল্লাহ। আপনারা দেখছেন, কত মানুষ এখানে কাজ করছে। সবাই মোটিভেটেড। দেশবাসী, বড় রাজনৈতিক দলসহ সবাই একটি নির্বাচন চায়। আমরা সবাই একসঙ্গে সেই বার্তাই দিতে চাই।’

সিইসি পোস্টাল ভোটের নিবন্ধন নিয়ে সাংবাদিকদের বলেন, নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাগারে বন্দীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে। সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেই এ কাজ করা হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন আজ সোমবার রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের প্রস্তুতিকাজ পরিদর্শন করেন

ডাকযোগে ভোট গ্রহণ করতে পোস্টাল বিভাগ ও আন্তর্জাতিক পোস্টাল ইউনিয়নের সহযোগিতায় অনলাইনে নিবন্ধন ও ম্যানুয়ালি পোস্টাল ব্যালট সংগ্রহের একটি ‘হাইব্রিড পদ্ধতি’ চালু করেছে ইসি। এখন পর্যন্ত দেড় লাখের মতো নিবন্ধন হয়েছে বলে ইসি কর্মকর্তারা জানান। নিবন্ধনের জন্য আরও তিন দিন সময় আছে জানিয়ে এ উদ্যোগের প্রচারে সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান সিইসি।

পোস্টাল পদ্ধতিকে ভবিষ্যতের জন্য একটি ‘মডেল’ হিসেবে তুলে ধরে নাসির উদ্দীন বলেন, ‘আমরা দাবি করছি না যে এটি একটি নিখুঁত ব্যবস্থা। কিছু ত্রুটি থাকতে পারে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও উন্নত হবে।’

পাোস্টাল ভোটের চ্যালেঞ্জের বিষয়ে এক প্রশ্নের জবাবে নাসির উদ্দীন বলেন, শুরুতে মধ্যপ্রাচ্যসহ কিছু অঞ্চলে নিবন্ধন জটিলতা ছিল, সাইবার নিরাপত্তা–সংক্রান্ত চ্যালেঞ্জও এসেছে। তবে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় এসব সমস্যা সমাধান করা হয়েছে।

পোস্টালের ভোটের ব্যালট প্রস্তুতি পরিদর্শনের সময় সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদসহ ইসির কর্মকর্তারা।