জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ বৃহস্পতিবার এই মনোনয়নপত্র সিইসির কাছে জমা দেন
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ বৃহস্পতিবার এই মনোনয়নপত্র সিইসির কাছে জমা দেন

রাষ্ট্রপতি নির্বাচন: ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

অলি আহমদের পক্ষে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ১১–দলীয় ঐক্যের নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই মনোনয়নপত্র সিইসির কাছে জমা দেন। এ সময় ১১–দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা এবং কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে ঘোষণার পর জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের নেতারা। গত রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে

অলি আহমদের মনোনয়নে প্রস্তাবক হিসেবে সই করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সমর্থক হিসেবে সই করেছেন এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপ্রতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১৬ আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। রাষ্ট্রপ্রতি নির্বাচনে ভোট হবে ২০ আগস্ট।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের জন্য ২০ আগস্ট জাতীয় সংসদের বৈঠক ডাকা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হয় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে। এ নির্বাচনে ভোটার সংসদ সদস্যরা। তাঁদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।