
নির্বাচনের দিন থেকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও দোকানপাট লুটের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা দলের কাছে রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
জামায়াতের আমির অভিযোগ করেন, নির্বাচনের দিন থেকে জামায়াতের নেতা-কর্মীদের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্নভাবে নাজেহাল করছেন। কারও পা ভেঙে দেওয়া হয়েছে, অনেকের বাড়িঘরে হামলা হয়েছে, দোকানপাট লুট করা হয়েছে এবং ভয় দেখিয়ে চাঁদা নেওয়া হয়েছে। এসব ঘটনার তালিকা দলের কাছে সংরক্ষিত আছে।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর বা পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন জামায়াতের বরগুনা জেলার সাবেক সহকারী সেক্রেটারি শামীম আহসানকে দেখতে গিয়ে এসব কথা বলেন শফিকুর রহমান।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের জামায়াতের আমির বলেন, ‘দল করা যে কারও অধিকার, এটা কোনো অপরাধ নয়। বুদ্ধি ও যুক্তির লড়াইয়ে হাত চলবে কেন? গায়ের জোর কেন? এটা আমরা দেখতে চাই না। এসব ঘটনায় আমি খুবই বিস্মিত ও ব্যথিত।’ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য বরগুনার পুলিশ সুপারকে (এসপি) অনুরোধ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘রাজনীতি হবে রাজনীতির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয়। সারা দেশে যেন এই চিত্র দেখা যায়।’ তিনি আশা প্রকাশ করে বলেন, এই ঘটনার পর আর কেউ যেন ফুলের পাপড়ি দিয়েও কাউকে আঘাত না করে।