রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে গোলাপ হাতে দাঁড়িয়ে দিদার আলম। তিনি নরসিংদী থেকে ঢাকায় এসেছেন। আজ শুক্রবার দুপুরের দিকে
রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে গোলাপ হাতে দাঁড়িয়ে দিদার আলম। তিনি নরসিংদী থেকে ঢাকায় এসেছেন। আজ শুক্রবার দুপুরের দিকে

তারেক রহমানের অপেক্ষায় গোলাপ হাতে সকাল থেকে দাঁড়িয়ে তিনি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দলটির গুলশানের কার্যালয়ের সামনে নেতা–কর্মীর ভিড় বাড়ছে। দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে কেউ কেউ ফুল নিয়ে এনেছেন। তাঁদের মধ্যে একজন নরসিংদী থেকে আসা দিদার আলম। তিনি গোলাপ নিয়ে তারেক রহমানের অপেক্ষায় আছেন।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর গুলশানের বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান করে এই চিত্র দেখা যায়।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়। বেসরকারিভাবে পাওয়া সবশেষ ফলাফলে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত ২০৭ আসনে জয় পেয়েছে বিএনপি ও তার জোটভুক্ত প্রার্থীরা। ফলে দুই–তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এবারের নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি প্রায় দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে।

আজ শুক্রবার সরেজমিন দেখা যায়, সকালের দিকে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে কিছুসংখ্যক দলীয় নেতা–কর্মী অবস্থান করছিলেন। তখন তেমন ভিড় ছিল না। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা–কর্মীর ভিড় বাড়তে থাকে।

এখানে থাকা দলীয় নেতা–কর্মীর সঙ্গে কথা বলে জানা গেল, তাঁরা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন। মূলত দলের নিরঙ্কুশ বিজয়ে দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতেই তাঁরা এসেছেন। এখন তাঁরা তারেক রহমানের দেখা পাওয়ার অপেক্ষায় আছেন।

গুলশান কার্যালয়ের সামনে আসা নেতা–কর্মী আনন্দ–উচ্ছ্বাস নিয়ে নিজেদের মধ্যে খোশগল্প করছিলেন। কেউ কেউ একক বা গ্রুপ হয়ে কার্যালয়ের সামনে ছবি তুলছিলেন।

নরসিংদীর বেলাব থেকে গুলশান কার্যালয়ের সামনে এসেছেন দিদার আলম (২৫)। তিনি লাল গোলাপ হাতে নিয়ে সকাল থেকে এই কার্যালয়ের সামনে অপেক্ষা করছেন। দিদার আলম পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি। দলের জয়ের আভাস পেয়ে তিনি গতকাল রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেন।

রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে দলীয় নেতা–কর্মীরা জয়ের চিহ্ন (ভি–সাইন

দিদার আলম বলেন, ‘দলে আমার কোনো পদবি নেই। বিএনপির একজন ক্ষুদ্র কর্মী। বিপুল ভোটে জয়ের খবর পেয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে এসেছি। আমার এক বন্ধুকে সঙ্গে নিয়ে আজ সকাল ৭টা থেকে এখানে অপেক্ষা করছি। জানি না, ফুলটা তাঁর হাতে দিতে পারব কি না। তবে অপেক্ষা করছি। দেখা যাক।’

কয়েকজন নেতা–কর্মীর সঙ্গে কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বিজয়ের চিহ্ন (ভি–সাইন) দেখিয়ে ছবি তুলছিলেন গুলশান থানার যুবদল নেতা নিপুন চন্দ্র পাল।

নিপুন চন্দ্র পাল প্রথম আলোকে বলেন, ‘গত এক মাসের বেশি সময় ধরে দিনরাত পরিশ্রমের পর এই বিপুল বিজয় এসেছে। আমরা কখনো হাল ছাড়িনি। জয়ের পর এখন মনে হচ্ছে, নতুন করে জন্ম হয়েছে আমাদের। নিজেদের মুক্ত, নির্ভার লাগছে।’