হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। আজ মঙ্গলবার বেলা ১১টায় তোপখানা রোড থেকে মিছিল বের করেন সংঠনটির নেতা–কর্মীরা। মিছিলটি কয়েক এলাকা ঘুরে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশ শেষে আবার মিছিল নিয়ে তোপখানা রোডে গিয়ে কর্মসূচি শেষ করেন গণতন্ত্রের মঞ্চের নেতা–কর্মীরা। এ সময় পুলিশের উপস্থিতি থাকলেও তাদের ভূমিকা ছিল নীরব।
১৮ ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার আগপর্যন্ত নির্বাচনী কাজে বাধা হতে পারে, এমন রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ১২ ডিসেম্বর এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। যদিও ইসির এ উদ্যোগের সমালোচনা করে আসছে বিরোধী দলগুলো।
এদিকে আজ থেকে সারা দেশে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আজ বিএনপিসহ বিরোধীরা সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
গণতন্ত্র মঞ্চের নেতা প্রীতম দাস প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টায় তারা তোপখানা রোড থেকে মিছিল বের করে বিজয়নগর কাকরাইল হয়ে সেগুনবাগিচা হয়ে প্রেসক্লাবে আসেন। পথে সেগুনবাগিচায় পুলিশ মিছিলে বাধা দেয়। কিন্তু সে বাধা উপেক্ষা করে তারা মিছিল নিয়ে প্রেসক্লাবে আসেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর প্রায় সাড়ে ১২টা পর্যন্ত সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে মিছিল–সমাবেশ বন্ধের নির্দেশ দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাক-বাকুম করে প্রজ্ঞাপনও জারি করে দেয়। মিছিল–সমাবেশ জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকার। এই নিষেধাজ্ঞা ভেঙে জনগণ রাজপথে নেমেছে।’
গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন, ‘এবারের নির্বাচন সরকারের ডামি নির্বাচন, তামাশার নির্বাচন। যে নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই।’
জোনায়েদ সাকি অভিযোগ করে বলেন, ‘নির্বাচন নিয়ে সরকারের নানামুখী ষড়যন্ত্রের অংশ হিসেবে আজ সকালে তেজগাঁওয়ে ট্রেনে নাশকতা হলো। আন্দোলন থামাতে এ ধরনের নাশকতা চালানো হচ্ছে।’ কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের বক্তব্যে প্রমাণ হয়েছে এ দেশের বিচারব্যবস্থা কাদের অঙুলিতে চলে বলেও মন্তব্য করেন তিনি।
গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক সমাবেশের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার প্যাট্রোল ইনস্পেক্টর সরদার বুলবুল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনকে বাধাগ্রস্ত করে কিংবা ভোটারদের উপস্থিতি বাধা দেয়—এমন সভা–সমাবেশ নিষিদ্ধ। এখানে যেহেতু ভোটারদের নিরুৎসাহিত করার কিছু নেই, তাই তাদের মিছিল–সমাবেশ করতে দেওয়া হয়েছে।’