ঢাকা–১৭ আসনের বনানী মডেল স্কুল কেন্দ্র
ঢাকা–১৭ আসনের বনানী মডেল স্কুল কেন্দ্র

‘একটা ভোট নষ্ট হবে কেন, অনেক সময় এক ভোটেও হার-জিত হয়’

রাজধানীর কড়াইল বস্তির একই বাসায় থাকেন মোছাম্মৎ জান্নাত ও মোছাম্মৎ জ্যোৎস্না। জান্নাত পরিচ্ছন্নতাকর্মী, কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। ভোটের সময় শেষ হওয়ার আগে ভোটকেন্দ্রে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে ভাবছিলেন জান্নাত। ওই সময় তাঁকে ভোট দিতে উৎসাহিত করেন জ্যোৎস্না। দুজন মিলে রিকশায় করে দ্রুত সাড়ে চারটার আগে কেন্দ্রে পৌঁছান।

জ্যোৎস্না ও জান্নাত ঢাকা–১৭ আসনের ভোটার। ভোট দিয়ে রাজধানীর বনানী মডেল স্কুল কেন্দ্র থেকে যখন তাঁরা বের হচ্ছিলেন, তখন বিকেল সাড়ে ৪টা পার হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাঁদের কেন্দ্র থেকে বের হওয়ার জন্য তাড়া দিচ্ছিলেন। এ অবস্থায় জান্নাত ও জ্যোস্নার সঙ্গে প্রথম আলোর প্রতিবেদকের সামান্য কথা হয়। ভোট দিতে পেরে চোখমুখে তাঁদের খুশির ঝিলিক।

জান্নাত প্রথম আলোকে বলেন, ‘কাজ থেকে ফিরতে দেরি হয়ে গেছিল। ভেবেছিলাম, ভোট আর দেওয়া হবে না। এ অবস্থায় জ্যোৎস্না রিকশায় করে নিয়ে আসল।’

জ্যোস্না প্রথম আলোকে বলেন, ‘একটা ভোট নষ্ট হবে কেন, তাই রিকশায় করে নিয়ে আসলাম। অনেক সময় এক ভোটেও হার-জিত হয়।’