
বিএনপির কালো পতাকা মিছিলকে শোকের মিছিল বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিএনপির উদ্দেশে বলেছেন, ‘বিএনপি কালো মিছিল করছে কেন? তাদের কোন নেতা মারা গেছেন? আন্দোলনের বারোটা বেজে গেছে। এখন নেতারা নিজেদের অজান্তে শোকের মিছিল করছেন। আন্দোলনের পতাকা হলো লাল-সবুজ। আজকে স্বাধীনতা–সার্বভৌমত্বের প্রতীকের প্রতি তাঁদের কোনো দরদ নেই। যে মিছিলে জনগণ নেই, সেই মিছিল গণমিছিল হয় কী করে?
আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতারা বলছেন, তাঁরা ‘সন্ত্রাস ও নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে এই সমাবেশ করেন।
বিরোধীদের আন্দোলন–কর্মসূচির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজ বিএনপি নেতাদের গলা শুকিয়ে গেছে। গলায় আর জোর নাই। তাদের সমাবেশে আস্তে আস্তে লোক কমছে। আন্দোলনের মরা গাঙ্গে জোয়ার আটকে গেছে। মরা গাঙ্গে ঢেউ নেই।’ তিনি আরও বলেন, ‘বিএনপি বাজারভাঙা হাটের মতো, ভাঙা হাট আর জমে না। ডিসেম্বরে খালেদা জিয়া ক্ষমতায় বসবেন, দেশ চালাবেন, তারেক জিয়া দেশে ফিরে আসবেন—কোথায় গেল লাফালাফি? গোলাপবাগের গরুর হাটে গিয়ে লাফালাফি শেষ। তারপর পদযাত্রা থেকে শুরু করে বিএনপি এসব করে আন্দোলন জমাতে পারেনি।’
ক্ষমতার ময়ূর সিংহাসন অনেক দূরে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি দিনের বেলায় জাগরণের দিবাস্বপ্ন দেখছে। দেশের শতকরা ৭০ শতাংশ মানুষ যাকে ভালোবাসে, যাকে ভোট দিতে চায়, সে কেন ক্ষমতা থেকে বিদায় নেবে? শেখ হাসিনা কেন বিদায় নেবেন?’
বিএনপি নিষেধাজ্ঞার আতঙ্ক ছড়াচ্ছে—এই অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি রাস্তা বন্ধ করেছে, প্রবেশপথে অবস্থান করেছে, এর জন্যই তো যুক্তরাষ্ট্রের ভিসা নীতির আওতায় আসা দরকার। বিএনপির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় না কেন? সে প্রশ্ন আমরা করতে চাই।’
বঙ্গবন্ধুদের খুনিদের আশ্রয় দেওয়া দেশগুলোর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে যেসব খুনি বড় বড় দেশে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, আমাদের দেশে জাতির পিতার হত্যা আসামিদের ফিরিয়ে দিচ্ছে না। এটা কোন দেশের গণতন্ত্র?’
রোহিঙ্গারা বোঝা হয়ে আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘ আগে ১২ ডলার দিত, এখন ৮ ডলার দেয়। কীভাবে চলবে? কেউ সাহায্য করে না, শুধু মুখে সুন্দর সুন্দর কথা বলে। রোহিঙ্গাদের জন্য মায়াকান্না দেখায়। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রসৈকত, সেখানে জীবন বিপন্ন। কক্সবাজারে জীবন আজ বিপন্ন। পর্যটন ধ্বংস হয়ে যাচ্ছে। মুখে সুন্দর সুন্দর বাণী উচ্চারণ করে, প্রধানমন্ত্রীর প্রশংসা করে। কিন্তু বাস্তবে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসে না।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।