জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অপশক্তি গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতে একটি অপশক্তি গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে। দলমত–নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিহত করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনীতে স্পিকার এ আহ্বান জানান। ৯ নভেম্বর এ অধিবেশন শুরু হয়েছিল। ৮ কার্যদিবসের অধিবেশনটি আজ শেষ হয়।

অধিবেশনের সমাপনী ঘোষণার আগে সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে, দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরূপে আপনারা দলমত–নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন—এই মর্মে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি।’

স্পিকার বলেন, অধিবেশনের শেষ দিনে সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনমূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক আজ অনুপ্রাণিত হয়েছে। এই অধিবেশন জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনা সহযোগিতার জন্য তিনি সংসদ সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরে তিনি অধিবেশনের সমাপ্তিসংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করে শোনান।

সংসদ সচিবালয় সূত্র জানায়, এ অধিবেশনে মোট চারটি বিল তোলা হয়, চারটিই পাস হয়েছে। অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ১৭৪টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়, যার মধ্যে তিনি ১৭টি প্রশ্নের উত্তর দেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত ৩ হাজার ৫৭৭টি প্রশ্নের মধ্যে ২ হাজার ১৬৯টি প্রশ্নের উত্তর দেন।