১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচার করা যাবে।
গতকাল বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
দেশের সব রিটার্নিং অফিসারকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্টেটসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য এই চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারকে উৎসবমুখর করার লক্ষ্যে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচার বিষয়ে নির্বাচন কমিশন কিছু সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত হলো যানবাহনের চারপাশে ডিজিটাল প্রযুক্তি বা সাধারণ পচনশীল সামগ্রী ব্যবহার করে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচার করা যাবে। তবে এই প্রচারকালে যানবাহন চলাচলে বিঘ্ন বা জনদুর্ভোগের সৃষ্টি করা যাবে না।
চিঠিতে নির্বাচনী প্রচার বিষয়ে নির্বাচন কমিশন গৃহীত সিদ্ধান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্টেটসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।